নৌকা উল্টে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু, উদ্ধার ৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী নৌকা উল্টে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ-সংলগ্ন সাগর উপকূলে এ দুর্ঘটনা ঘটে। পরে ৫১ জন রোহিঙ্গাকে উদ্ধার হয়।

এ ছাড়া আজ আরও ৮৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়।

নৌকা উল্টে মিয়ানমারের বুচি দং কুলপাতংয় এলাকার মোহাম্মদ ইয়াছিনের চার মাস বয়সী শিশুকন্যা ওমর সালমা, আবদুল আজিজের সাত মাস বয়সী ছেলে মোহাম্মদ আয়ুব ও আবদুল হাইয়ের সাত বছর বয়সী ছেলে আবদুল নবীর মৃত্যু হয়।

দুর্ঘটনার শিকার আবদুস শুক্কুর ও মরিয়ম বেগম জানান, তাঁরা মিয়ানমারের মংডু শহরের দংখালী বালুর চর থেকে এসেছেন। গতকাল বুধবার রাতে তাঁরা ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বাংলাদেশের দিকে রওনা দেন। নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে সাগরপথে টেকনাফের পশ্চিম দিক দিয়ে প্রবেশের চেষ্টা করে তারা। তীরের কাছাকাছি পৌঁছার পর নৌকাটি উল্টে যায়। তবে দুর্ঘটনাস্থলে পানির গভীরতা বুক ও গলাসমান (প্রায় ৪ ফুট) হওয়ায় বেশির ভাগ নারী-পুরুষ নিজ থেকেই তীরে আসতে সক্ষম হয়। অন্যদিকে তাদের চিৎকার শুনে স্থানীয় জেলেরাও এগিয়ে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। ওই সময় তিন শিশু নিখোঁজ ছিল। পরে সকালের দিকে একই এলাকায় শিশুদের লাশ ভেসে ওঠে।

নিহত শিশু আয়ুবের মা আয়েশা বেগম (২৭) বলেন, ‘আমাদের গ্রামের বেশির ভাগ মানুষ অনেক আগেই বাংলাদেশে এসেছেন। এত দিন আমরা সেখানে ঘরে বন্দী জীবন যাপন করছিলাম। খাবারের অভাব ও অসুস্থতায় কয়েকজন মারাও গেছে। এসব যন্ত্রণা আর সহ্য করতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টায় ছিলাম। যদি জানতাম আমার একমাত্র ছেলেটি মারা যাবে, তাহলে শতকষ্ট সত্ত্বেও এখানে আসতাম না।’

উদ্ধারকাজে জড়িত কয়েকজন জেলে বলেন, উখিয়ার একটি নৌকা টাকার লোভে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে এনেছিল।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর উখিয়ার ইনানি সৈকতের কাছে নৌকাডুবির ঘটনায় ২১ রোহিঙ্গার নারী-পুরুষ-শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল। এর আগে নাফ নদী ও সাগরে এ ধরনের ২৮টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯৭টি শিশু।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, নৌকাডুবির খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায়। পরে তাঁদের মানবিক সহায়তা দেওয়া হয়েছে। তিন শিশুর লাশ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দাফন করা হয়েছে।