নৌকা ও ফুটবলের ভোটযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নির্বাচন হচ্ছে। তবে নির্বাচনী আমেজ আছে দুটিতে। এই দুই আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের আরও দুজন। অনেক ভোটারই বলছেন, এই দুই আসনে নৌকা ও ফুটবলের মধ্যে ‘কঠিন’ লড়াই হবে।
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতন। তাঁর সঙ্গে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক ওরফে সুহেল। রফিকুল হক ১৯৯৬ সালে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। দুই প্রার্থীই জোরেশোরে গণসংযোগ চালিয়েছেন। এখানে রতন ও সুহেলে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মোয়াজ্জেম হোসেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাঁকে আবার ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর সৈয়দ রফিকুল হক বলছেন, তিনি এখানে দুবার সাংসদ ছিলেন। হাওর এলাকার উন্নয়নে তিনি পরীক্ষিত লোক।
তাহিরপুর উপজেলার লাউড়ের গড় এলাকার শফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি ভোটে না থাকলেও এখানে নির্বাচন জমে উঠেছে। দুই প্রার্থীই পরিচিত। কঠিন লড়াই হবে নৌকা আর ফুটবলের মধ্যে।’
সৈয়দ রফিকুল হকের পক্ষে কাজ করছেন ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা ভালো মানুষের পক্ষে কাজ করছি। মানুষ গত পাঁচ বছর একজনকে দেখেছে। এবার পরিবর্তনের ডাক নিয়ে আমরা মাঠে আছি।’ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলার বসিন্দা রেজাউল করিম বলেন, ‘বিগত পাঁচ বছরে এলাকার যে উন্নয়ন হয়েছে, অতীতে এমনটা হয়নি। এখানে বারবার নৌকা জয়ী হয়েছে। এবারও তা-ই হবে।’
সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী সাংসদ এম এ মান্নানের সঙ্গে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ। দুই প্রার্থীই দিনরাত গণসংযোগ করেছেন। এম এ মান্নান গত বুধবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আগের মতোই মানুষের পাশে থাকতে চাই।’
অপরদিকে আজিজুস সামাদ আজাদ নির্বাচনী প্রচারণায় বলছেন, এই আসনের মাটি ও মানুষের সঙ্গে সামাদ আজাদ জড়িয়ে আছেন। তিনি সামাদ আজাদ এবং আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শের উত্তরসূরি হিসেবে ভোট চান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, এখন আবেগ আর বিবেকের প্রশ্ন সামনে চলে এসেছে।
সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মুহিবুর রহমান মানিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনএফের প্রার্থী আশরাফ হোসেন। এই আসনে নিরুত্তাপ নির্বাচনী পরিবেশে মানিক অনেকটা নির্ভার বলে জানিয়েছেন অনেক ভোটার।