নৌকা ও বলগেটের সংঘর্ষে নিহত ১
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বালুবাহী বলগেটের সংঘর্ষে রিয়াজ উদ্দিন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী। গতকাল শনিবার সন্ধ্যার দিকে সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজের বাড়ি রায়পুরার পলাশতলী ইউনিয়নের আশারামপুর গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন যাত্রী। তাঁদের মধ্যে আছেন শাহ আলম, বিউটি আক্তার, সুমন মিয়া, পারভীন আক্তার, আমেনা বেগম। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে মেঘনা নদীর সায়দাবাদ খেয়াঘাট থেকে যাত্রীবাহী নৌকাটি নরসিংদীর উদ্দেশে রওনা করে। স্থানীয় প্রান্তশালা খেয়াঘাটে আসার সময় নদীর মাঝখানে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বলগেট নৌকাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মাঝিসহ অধিকাংশ যাত্রী নদীতে পড়ে যান। এতে রিয়াজ উদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।