নৌকা ও লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় দুই নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নির্বাচন ছাড়া দলের প্রতীক ব্যবহারের সুযোগ না থাকলেও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ব্যবহার করা হচ্ছে দলীয় প্রতীক। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নিচ্ছেন শ্রমিকনেতা মাহাতাব হোসেন চৌধুরী। এ ছাড়া আরেক সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রার্থীদের জন্য নির্বাচিত প্রতীকের মধ্যে ধানের শীষ থাকলেও কোনো প্রার্থীই এই প্রতীক নেননি।
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘প্রতীকগুলো নির্দিষ্ট দলের জন্য নিবন্ধন দেওয়া হয়। দলীয় কাজ ও দলীয় নির্বাচন ছাড়া অন্য কোনো সংগঠনের নির্বাচনে এই প্রতীক ব্যবহারের কোনো সুযোগ নেই। এটা করা ঠিক না।’
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের নির্বাচন কমিশনার অঙ্কুর সেন বলেন, নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টি পদের জন্য ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরের শিরোইল বাস টার্মিনালে ২৪ মে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন হবে। নির্বাচনে দপ্তর সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত হয়েছেন।
পদগুলোর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদের প্রার্থীরা হলেন টেলিভিশন প্রতীক নিয়ে কামাল হোসেন, ছাতা রফিকুল ইসলাম এবং গোলাপ ফুল প্রতীক নিয়ে হারুনার রশিদ। সাধারণ সম্পাদক পদের তিনজন হচ্ছেন নৌকা মাহাতাব হোসেন চৌধুরী, হরিণ আনিসুর রহমান ও শাপলা ফুল প্রতীক নিয়ে জাকির হোসেন।
মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই নির্বাচনে সভাপতি প্রার্থী কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী মাহাতাব হোসেন চৌধুরীকে সমর্থন দেওয়া হয়েছে। এই দুজন সংগঠনটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহাতাব হোসেন চৌধুরী রাজশাহী সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজশাহী নগরের প্রতিটি প্রান্ত ছেয়ে গেছে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। জনপ্রতিনিধি নির্বাচনে দেয়ালে পোস্টার লাগানোর নিয়ম না থাকলেও এই নির্বাচনে সে ধরনের বাধ্যবাধকতা নেই। ফলে দেয়াল ছেয়ে গেছে পোস্টারে। নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনালে দেখা যায়, একটি জায়গায় মাহাতাব হোসেন চৌধুরীর নৌকা প্রতীকের ফেস্টুন ঝুলছে। কাঠ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকাো সাজিয়ে রাখা হয়েছে সেখানে।
প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দের বিষয়ে জানতে চাইলে, অঙ্কুর সেন বলেন, ‘এটা যে উচিত না, সেই বিষয়ে আমি একমত। তবে গতবারও জাতীয় রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করা হয়েছিল। এবারও নির্বাচন হচ্ছে। কেউ কোনো আপত্তি করেনি।’
জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘গত নির্বাচনেও তাঁরা নৌকা প্রতীক ব্যবহার করেছিলেন। এবারও করছেন। অন্য দলের প্রতীকও আছে শুনেছি। বিষয়টি আমার কাছেও দৃষ্টিকটু মনে হয়েছে। খোঁজ নিয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন বাচ্চু বলেন, ‘যে কেউ চাইলেই দলীয় প্রতীক ব্যবহার করতে পারেন না। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’