নৌকা ডুবে দুই মেয়েসহ মায়ের মৃত্যু
বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত মেলায় যাওয়ার পথে দুই মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে। গত শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মটবাড়ী বিলে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বিথী বালা (৩২), তাঁর বড় মেয়ে বরমপাল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি বালা (৮) ও ছোট মেয়ে কোয়েল বালা (৫)।
এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওই এলাকার বহুগ্রামে গতকাল শনিবার মেলা হওয়ার কথা। বহুগ্রামের পাশে তেঁতুলভিটিয়া গ্রামে বিথী বালার বাড়ি। মেলায় যাওয়ার জন্য গত শুক্রবার বিকেলে উপজেলার উজানী ইউনিয়নের বরমপাল্টা গ্রাম থেকে বিথী, তাঁর স্বামী নৃপেন বালাসহ পরিবারের পাঁচজন সদস্য তেঁতুলভিটিয়া গ্রামের উদ্দেশে রওনা হন। পথে তাঁরা ঝড়ের কবলে পড়েন। একপর্যায়ে মটবাড়ী বিলের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় নয় মাসের শিশু বাঁধনকে নিয়ে সাঁতরে নৃপেন তীরে উঠতে সক্ষম হন। কিন্তু বিলের পানিতে বিথী, মেয়ে বৃষ্টি ও কোয়েল ডুবে যান। উজনী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খোকন বালা বলেন, এলাকার লোকজন শুক্রবার সন্ধ্যায় বিল থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করেন।