নৌকা দেখলেই ত্রাণের আশায় ছুটছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাহিদার চেয়ে সরবরাহ অনেক কম। তাই ত্রাণবাহী নৌকা দেখলেই ছুটে আসে বন্যাদুর্গতরা। ত্রাণ নেওয়ার জন্য শুরু হয় অন্য রকম যুদ্ধ। জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
চাহিদার চেয়ে সরবরাহ অনেক কম। তাই ত্রাণবাহী নৌকা দেখলেই ছুটে আসে বন্যাদুর্গতরা। ত্রাণ নেওয়ার জন্য শুরু হয় অন্য রকম যুদ্ধ। জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

জামালপুরে বানভাসি মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকার চলছে। নৌকা দেখলেই তারা ত্রাণ পাওয়ার আশায় সেদিকে ছোটাছুটি, হুড়োহুড়ি শুরু করে। অনেকেই ছুটছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে। তবে বেশির ভাগ মানুষই ফিরছে খালি হাতে।
প্রশাসন সূত্র জানায়, জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আরও কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়ে নতুন করে ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পুরো জেলায় এখন দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী।
গতকাল সরেজমিনে দেখা যায়, চারদিকে থই থই পানি, প্রচণ্ড স্রোত। বসতভিটা, ফসলি মাঠ, বাজারঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। পানি বেশি বাড়ায় মানুষ ঘরবাড়ি ছেড়েছে। তারা এখন মাথা গোঁজার ঠাঁই খুঁজে বেড়াচ্ছে।
বন্যাদুর্গত অনেক মানুষ বলে, আট দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখন বাড়িঘর, রাস্তাঘাট থেকে শুরু করে কোথাও দাঁড়ানোর জায়গাও নেই। দুর্গত এলাকার কোনো বানভাসির পেট ভরে খাবার জুটছে না। দিনে এক থেকে দুবার চিড়া-মুড়ি খেয়ে থাকতে হচ্ছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর লোকজনের আত্মীয়স্বজনই ত্রাণ বারবার পাচ্ছে। এখনো হাজার হাজার পরিবার একবারও ত্রাণ পায়নি।
সবচেয়ে দুর্গত উপজেলা ইসলামপুরে গিয়ে দেখা যায়, ১২টি ইউনিয়নের মধ্যে ৮টির সব অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। এই উপজেলাতেই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখানে খাদ্যের অভাবও বেশি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র বলছে, পুরো জেলায় বন্যাদুর্গতদের মধ্যে ২৬৭ টন চাল, ২ লাখ ২০ হাজার নগদ টাকা ও ১ হাজার ৬৬৭ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বেশি থাকার কথাও বলা হচ্ছে।
কিন্তু দুর্গত গ্রামের পর গ্রাম ঘুরে এর তেমন সত্যতা পাওয়া যায়নি। ইসলামপুরের বানিয়াপাড়া গ্রামের কয়েকজন দোকানি জানান, এখানে বন্যা চলছে আট দিন। এর মধ্যে এক দিনও ত্রাণ নিয়ে জনপ্রতিনিধি বা তাঁর লোকেরা আসেননি।
সকাল নয়টার দিকে ইসলামপুরের উলিয়া বাজারে পৌঁছাতেই ত্রাণের জন্য ছুটে আসে একদল বানভাসি নারী-পুরুষ-শিশু। বাজারের মধ্যে হাঁটুপানি। ত্রাণপ্রার্থীরা বলেন, এলাকায় ত্রাণ না পেয়ে তাঁরা অন্য গ্রামে গেছেন। কিন্তু কোথাও পাননি।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘এ পর্যন্ত মাত্র ১২ টন চাল বরাদ্দ পেয়েছি। সেগুলো বিতরণ চলছে। তবে এই চাল খুবই সামান্য। সকালে ঘুম থেকে উঠে দেখি শত শত মানুষ ত্রাণ নিতে এসেছেন। ৫০-৬০ জন বানভাসির মধ্যে অবশিষ্ট চাল বিতরণ করতে পেরেছি।’
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলমগীর অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করে বলেন, বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিরা যতটা চাহিদা জানিয়েছেন, সেইমতো ত্রাণ সরবরাহ করা হয়েছে। যেসব এলাকায় দুর্গত মানুষ ত্রাণ পায়নি, সেখানে খোঁজখবর নিয়ে ত্রাণ দেওয়া হবে।
ইসলামপুরের ইউএনও দিদারে আলম মাকসুদ চৌধুরী বলেন, ‘ত্রাণ বিতরণে আত্মীয়করণের বিষয়টি কমন। তবে এবার প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণির কর্মকর্তার মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী রয়েছে।’