নৌকা পাহারায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা
নৌকা প্রতীক পোড়ানোর ঘটনায় মামলা হওয়ার পর নিজ নির্বাচনী ক্যাম্পের সামনে একটি নৌকা প্রতীক পাহারা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। এ ঘটনা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)।
এ ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. নুরুজ্জামান মৃধা, বিএনপি মনোনীত মোস্তফা কামাল লস্কর ও স্বতন্ত্র কাজী আবুল কালাম আজাদ। এখানে ভোট হবে ২৩ এপ্রিল।
বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনজন প্রার্থী থাকলেও লড়াই হবে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। এ কারণে এই দুই প্রার্থীর মধ্যে রেষারেষি ও বাদানুবাদ চলছে।
গতকাল সোমবার স্বতন্ত্র প্রার্থী কাজী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা এক সপ্তাহ আগে একটি নৌকা প্রতীক পোড়ান। এ ঘটনায় পরে আমার ১৪ জন কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এরপর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা জোনাসুর শিবগতি গ্রামে আমার নির্বাচনী ক্যাম্পের (কার্যালয়) সামনে বাঁশ ও কাপড়ের তৈরি নৌকা প্রতীক স্থাপন করেন। আমি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানিয়েছি। ওসি আমাকে পরামর্শ দিয়েছেন, ওই নৌকাটি পাহারা দিয়ে রাখার জন্য। এ কারণে প্রতিদিন আমার পাঁচ-ছয়জন কর্মী পাহারায় থাকেন।’
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আশঙ্কা প্রকাশ করে আমাকে বলেছেন, এ নৌকা পুড়িয়ে তাঁর সমর্থকদের বিরুদ্ধে আবার মামলা করতে পারেন আওয়ামী লীগ প্রার্থী। এ কারণে আমি তাঁকে ওই নৌকা পাহারা দিয়ে রাখতে পরামর্শ দিয়েছি।’