নৌকা ভ্রমণকারীদের ওপর সন্ত্রাসী হামলা নিহত ১
টাঙ্গাইলের চরাঞ্চলে নৌকা ভ্রমণকারীদের ওপর সন্ত্রাসী হামলায় একজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাশিনগর গ্রামে। নৌকার যাত্রী পল্লব জানান, টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার টাইলস ব্যবসায়ী রিপন, তাঁর বন্ধু ও নিকটাত্মীয়েরা ওই এলাকার সোনা মিয়ার নেতৃত্বে যমুনা নদীতে আনন্দভ্রমণে যান। তাঁরা নৌকাযোগে সিরাজগঞ্জ গিয়ে দুপুরের খাওয়া সেরে রাত নয়টার দিকে চরাঞ্চলের কাশিনগর ঘাটে পৌঁছালে পাটখেত থেকে বেরিয়ে আসা মুখোশধারী সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলি করে। গুলির শব্দে নৌকায় থাকা ভ্রমণকারীরা দিগ্বিদিক দৌড়ে আত্মরক্ষার চেষ্টা চালান। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়েকজনকে গুরুতর আহত করে। গুরুতর আহত টাইলস ব্যবসায়ী রিপন (৩০) ও সাইফুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকি ৎ সক রিপনকে মৃত ঘোষণা করেন। নিহত রিপনের বাড়ি টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায়। তাঁর পিতার নাম ফজলুর রহমান। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।