
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নৌকা, লাঙ্গল ও ধানের শীষ প্রতীকের ত্রিমুখী লড়াই হবে। এখানে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি, বিএনপির এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবার রহমান ও সাধারণ সম্পাদক দলের প্রার্থী আবদুর রশিদ সরকার লাঙ্গলের পক্ষে প্রচারণা না করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দুইজনকে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর।
পীরগাছা ও কাউনিয়া এই দুই উপজেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির তিন প্রার্থীরই প্রচারণা জমে উঠেছে। প্রতিশ্রুতিতেও কেউ পিছিয়ে নেই।
কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক টিপু মুনশি পীরগাছা উপজেলার বাসিন্দা। অপরদিকে বিএনপির প্রার্থী এমদাদুদল হক ভরসা ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল কাউনিয়া উপজেলার বাসিন্দা।
>পীরগাছা ও কাউনিয়ায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির তিন প্রার্থীরই প্রচারণা জমে উঠেছে।
একই উপজেলায় দুই প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মাঠপর্যায়ে ঘুরে নানা শ্রেণি–পেশার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, অনেক আসনে মহাজোট হলেও এ আসনে নৌকা আর লাঙ্গল এক হলো না। তাই এর বিরূপ প্রভাবও পড়তে পারে।
পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ব্যবসায়ী সেকেন্দার রহমান বলেন, ‘মহাজোটের একজন প্রার্থী হইলে ভালো হইত। কিন্তু তা না হওয়ায় সবারই জন্যে অসুবিধা হয়া গেছে।’ কাউনিয়া উপজেলার বই ব্যবসায়ী আনিসুর রহমানের বলেন, দুই উপজেলার মধ্যে ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায়। এ কারণে এলাকায় ভোটাররাও বিভক্ত হয়ে পড়ছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, তাঁর বাবা রহিম উদ্দিন ভরসা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। তিনি বর্তমানে বার্ধক্যের কারণে অসুস্থ। এ কারণে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। দুই উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন করে গড়ে তুলবেন তিনি।
জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল বলেন, এলাকায় জাতীয় পার্টির অবস্থান আগের চেয়ে এবার আরও ভালো। লাঙ্গল প্রতীকের পক্ষে জোয়ার উঠেছে।