নৌকা-সংকটে দুর্ভোগের আশঙ্কা
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনের ভোটের দিন হাওরের প্রধান বাহন নৌকার চরম সংকটের আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এ কারণে হাওরের বুক চিরে গড়ে ওঠা বসতির ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হবে।আবার অনেকে বাহনের অভাবে কেন্দ্রে পৌঁছাতে না পারার আশঙ্কায় আছেন। একই কারণে হাওরের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের জন্য নৌকা পাচ্ছেন না গণমাধ্যমকর্মীরাও। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাছাকাছি সময়ে হাওরে জাতীয় নির্বাচন হয়নি। ফলে বর্ষায় বিস্তীর্ণ জলপথে ভোট গ্রহণ ও ভোটার উপস্থিতির স্বাভাবিক পরিবেশ বজায় রাখার অভিজ্ঞতা অনেকের জানা নেই। বেশির ভাগ কেন্দ্র ভোটারদের বসতি থেকে এক থেকে দেড় ঘণ্টার পথ। এ রকম বাস্তবতায় নির্বাচনী কাজে ব্যবহারের জন্য প্রশাসন চার-পাঁচ দিন আগ থেকে নৌকা সীমিত সময়ের জন্য হুকুমদখল (রিকুইজিশন) করা শুরু করে। এরই মধ্যে প্রায় ৩৫০টি নৌকা হুকুমদখল করা হয়েছে। এটা এড়াতে অনেক মালিক ঘাট থেকে নৌকা সরিয়ে ফেলেছেন। এতে সংকট আরও তীব্র হয়েছে। তা ছাড়া দুই প্রার্থীও ভোটার আনার প্রয়োজনে আগে থেকে কিছু নৌকা নিয়ন্ত্রণে রাখায় হাওরে এই যান কমে গেছে। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চামড়া বন্দর ও ইটনা উপজেলার ঘাটে গতকাল গিয়ে দেখা যায়, যাত্রী থাকলেও নৌকার সংখ্যা কম। বিশেষ করে এখনো হুকুমদখল হয়নি এমন নৌকা ঘাটে আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, গত দুই দিনে ঘাটে যে নৌকা ভিড়েছে সেই নৌকাই হুকুমদখল করা হয়েছে। খবরটি মুঠোফোনে সর্বত্র ছড়িয়ে পড়ায় মাঝিরা নৌকা সরিয়ে নিচ্ছেন। অনেকে এলাকা থেকেও নৌকা নিয়ে সরে গেছেন। ইটনার সাংস্কৃতিক কর্মী তুহিন আসলাম বলেন, ঘাটে গেলেই সরকার নৌকা নিয়ে যাবে—এমন ধারণা তৈরি হয়েছে মাঝি ও নৌকার মালিকদের মধ্যে। এ কারণেই এই অস্বাভাবিক অবস্থা।