নৌকাঘাট স্থাপনের জন্য আবেদনপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থান: কালশী, মিরপুর, ঢাকা। ছবি: ডেইলি স্টার
স্থান: কালশী, মিরপুর, ঢাকা। ছবি: ডেইলি স্টার

বরাবর
সিটি করপোরেশন মেয়র
ঢাকা (উত্তর)
বিষয়: মিরপুরের কালশীতে নৌকাঘাট স্থাপনের আবেদন প্রসঙ্গে।
জনাব
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার অধীনস্থ রাজধানী ঢাকার (উত্তর) কালশীর বাসিন্দা। নিয়মিত টেলিভিশন দেখলে, পত্রিকা পড়লে কিংবা ফেসবুক ব্যবহার করলে আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে গত এক মাসে কালশীতে যতবার হাঁটুপানি উঠেছে ততবার সূর্যও ওঠেনি। পানির কারণে বাস, রিকশা কিংবা সিএনজি চলাচল প্রায়ই বন্ধ হয়ে যায়। উপায় না দেখে এলাকাবাসী নৌকায় যাতায়াত করা শুরু করেছে। ফলে নৌকা পারাপার ব্যবসার দিকে ঝুঁকছে রিকশাচালক ও বাসচালকেরা। যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা নানা ব্র্যান্ডের প্রাইভেট নৌকা কিনছে। দিন দিন পানি উঠছে এবং নৌকার সংখ্যাও বাড়ছে। কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণ রিকশার স্ট্যান্ড, বাসস্ট্যান্ড থাকলেও একটা বোটস্ট্যান্ড বা নৌকাঘাট নেই। ফলে রাস্তায় যত্রতত্র এলোমেলোভাবে নৌকা পার্ক করে রাখা হচ্ছে। তা ছাড়া, কোনো ট্রাফিক সিস্টেম না থাকার কারণেও প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। এ ছাড়া অলিগলিতে নৌকার দীর্ঘ জ্যাম তো এখন সকাল-বিকালের নিয়মিত দৃশ্য। যেহেতু আমরা জেনেছি, খুব শিগগির জলাবদ্ধতার কোনো সমাধান হচ্ছে না, সেহেতু অত্র এলাকায় কয়েকটি নৌকাঘাট স্থাপন এখন কালশীবাসীর প্রাণের দাবি।

বিনীত প্রার্থনা এই যে, কালশী এলাকায় গোটা কয়েক নৌকাঘাট স্থাপন করে এলাকাবাসীকে অবর্ণনীয় ভোগান্তি থেকে মুক্তি দিতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
এলাকাবাসীর পক্ষ থেকে
আবু বক্কর সিদ্দিক