নৌকাডুবিতে একই পরিবারের চারজনের মৃত্যু
হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই হাওরে আজ শুক্রবার দুপুরে নৌকাডুবিতে তিন শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের হক মিয়া (৪৫), তাঁর মেয়ে জান্নাত (৮), ছেলে মুজাহিদ (১১) ও ভাতিজা শোয়েব (৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে হক মিয়া তাঁর পরিবারের আরও ছয় সদস্যসহ বেড়ানোর উদ্দেশ্যে আদমপুর গ্রাম থেকে ইঞ্জিনচালিত একটি নৌকাযোগে অষ্টগ্রামের শরীফপুর যাচ্ছিলেন। নৌকাটি বেলা একটার দিকে হবিগঞ্জের লাখাই হাওরের উলুঘুরা স্থানে পৌঁছালে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় পানিতে ডুবে প্রাণ হারান হক মিয়াসহ চারজন। বাকিরা স্থানীয় লোকজনের সহায়তায় তীরে ওঠেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় লাশগুলো উদ্ধার করে। পরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, লাখাই হাওরে প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।