বঙ্গোপসাগরে গতকাল বুধবার নৌকাডুবিতে একজন জেলে মারা গেছেন। কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী দ্রুতগামী পর্যটকবাহী জাহাজের কারণে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ওই নৌকাডুবি হয় বলে অভিযোগ উঠেছে।
মৃত আবদুস শুক্কুরের (৪৮) বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপের কোনারপাড়ায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী সাতটি জাহাজ বেলা তিনটার দিকে সেন্ট মার্টিন জেটি থেকে টেকনাফের উদ্দেশে যাত্রা করে। প্রায় ঘণ্টাখানেক পর ২ নম্বর বয়ার কাছাকাছি সাগরের নাইক্ষংদিয়া এলাকায় মাছশিকাররত দুটি নৌকা দ্রুতগামী জাহাজের কারণে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ডুবে যায়। সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসা পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সাগরে ভাসমান ২৪ জন জেলেকে উদ্ধার করে। পরে কোস্টগার্ডের স্পিডবোটে করে তাঁদের উপকূলে আনা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবদুস শুক্কুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুপ্ত দাশ বলেন, হাসপাতালে আনার আগেই আবদুস শুক্কুর মারা যান। অন্য জেলেদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, সাগরে ভাসতে দেখে তাঁদের জাহাজ জেলেদের উদ্ধার করে। দ্রুতগামী জাহাজের কারণে সৃষ্ট ঢেউয়ের তোড়ে নৌকা দুটি উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লে. তাজকিন রেজা জানান, নৌকাডুবির ঘটনার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তার আগে সেন্ট মার্টিন থেকে ফেরত আসা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজ ২৪ জন জেলেকে উদ্ধার করে। পরে কোস্টগার্ডের সদস্যরা জেলেদের হাসপাতালে নিয়ে যান।