নৌকাডুবিতে নারী শিশুসহ নিহত ৩
নরসিংদীর মেঘনায় যাত্রীবাহী নৌকাডুবিতে দুই নারী ও এক শিশুসহ তিনজন মারা গেছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে নরসিংদী বাজারের বিপীন সাহার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।
অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে ঘাটেই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরদিঘলদী এলাকার দীন মোহাম্মদের স্ত্রী মোর্শেদা বেগম (৪০), তাঁর সাত মাস বয়সী মেয়ে সুবর্ণা আক্তার ও মহিষাশুরা ইউনিয়নের বতুয়াদি এলাকার মোবারক হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০)।
আহত ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দুইটার দিকে বিপীন সাহার ঘাট থেকে আবুল মাঝির ইঞ্জিনচালিত নৌকাটি ৪০ জন যাত্রী নিয়ে সদর উপজেলার দুর্গম চর এলাকা চরদিঘলদী যাওয়ার উদ্দেশে চালু করা হয়। কিন্তু নৌকাটিতে কাঠ ও তেলের ড্রামসহ অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গে নৌকার তলদেশ ফেটে যাওয়ায় নদীর পাড়েই নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই মোর্শেদা, সুবর্ণা ও সুফিয়া মারা যায়। এ ঘটনায় পারুল বেগমসহ (৪০) ১০ যাত্রী পানিতে পড়ে আহত হয়। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।