নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজন ব্যবসায়ীর লাশ গত বুধবার রাতে উদ্ধার হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আজু মিয়া (৬০) ও একই ইউনিয়নের খড়িয়ালা গ্রামের জিলু মিয়া (৪৫)। গত মঙ্গলবার নৌকাডুবির পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাইশমৌজা গরুর হাট থেকে ২৮টি গরু কিনে দুটি নৌকায় করে পাঁচ ব্যবসায়ী গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় তিতাস নদীর মেরাতলির কাছে প্রচণ্ড ঢেউ আর বাতাসে দুটি নৌকাই উল্টে যায়। এতে ২৭টি গরু মারা যায় এবং দুজন গরু ব্যবসায়ী নিখোঁজ হন। বাকি তিন ব্যবসায়ী ও একটি গরু রক্ষা পায়। বুধবার রাতে এলাকাবাসী কুড়িঘর বিলে দুটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।