নৌকাডুবিতে নিখোঁজ শীতলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই এমভি প্যারাডাইস বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ শীতল আক্তারের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন হুজুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের সদস্যরা শীতলের ভাসমান লাশ উদ্ধার করেন।

এদিকে দুই শিশুসহ চারজন নিহতের ঘটনায় গতকাল রাতে নিহত রেখা বেগমের স্বামী সিরাজ মিয়া বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় আটক বাল্কহেডের ছয় কর্মচারীকে এজহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও তিন–চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।

রবিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া বলেন, নৌকাডুবিতে নিখোঁজ শীতলের লাশ গতকাল রাতে কামরাঙ্গীরচর হুজুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের সদস্যরা শীতলের ভাসমান লাশ উদ্ধার করেন। তিনি আরও বলেন, লাশ নিহত শীতলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।