নির্বাচনী দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে ৫ আনসারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার উদ্দেশে নৌকায় উঠেছিলেন শতাধিক আনসার সদস্য। কিন্তু নৌকাটি ঘাট ছাড়ার আগেই ডুবে যায়। অন্যরা উঠতে পারলেও মারা যান পাঁচ নারী আনসার সদস্য। আজ রোববার ভোর পাঁচটার দিকে ঘোড়াউত্রা নদীতে মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বাড়ি জেলার নিকলী উপজেলায়।

নিহত ব্যক্তিরা হলেন নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের সাবিনা (৩৫), দামপাড়া গ্রামের বিউটি সূত্রধর (৪০) ও হাসনা আরা (৩৫), জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের মোমেনা (৪০) ও আম্বিয়া (৪২)। নিহত প্রত্যেক ব্যক্তির পরিবার​কে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

নৌকায় থাকা কয়েকজন আনসার সদস্য বলেন, গতকাল শনিবার ছিল মিঠামইনে সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। দিনভর বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় রাত কাটান তাঁরা। আজ ভোরে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে শতাধিক আনসার ভিডিপি সদস্য বাড়ি ফিরছিলেন। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার আগেই অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নদীতে ডুবে যায় নৌকাটি। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন উদ্ধার অভিযান চালায়। কিন্তু এরই মধ্যে মারা যায় পাঁচজন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, হুড়োহুড়ি করে অতিরিক্ত যাত্রী উঠার কারণে নৌকাটি ছাড়ার আগেই ডুবে যায়। ঘটনার পর থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা চেষ্টা চালিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। দুপুরের পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস জানান, জেলা প্রশাসনের উদ্যোগে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা, ৫০ কেজি চাল দেওয়া হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ে কথা বলেছি। সেখান থেকে নিহতদের আরও সহযোগিতা দেওয়া হবে।

খবর পেয়ে ঢাকা থেকে নিকলীতে ছুটে এসেছেন আনসার ভিডিপির ঢাকা ডিভিশনের উপপরিচালক শহীদুল ইসলাম ও আনসার ভিডিপির অপারেশন উপপরিচালক দিলীপ বিশ্বাস। বেলা তিনটায় তাঁরা নিহত পাঁচটি পরিবারের স্বজনদের হাতে নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবং পরে নিহত প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে বলে জানান।