নৌকাডুবিতে বাবা ও ছেলেমেয়ে নিখোঁজ
কর্ণফুলী নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই শিশুসন্তানসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ঈদের ছুটি শেষে তিনি গ্রামের বাড়ি চন্দনাইশ থেকে সপরিবারে শহরের বাসায় ফিরছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যবসায়ীর নাম মো. হারুন (৪০)। নিখোঁজ ছেলেমেয়ের নাম যথাক্রমে সপ্তম শ্রেণীর মারুফ (১৩) ও শিশুশ্রেণীর ছাত্রী ইশরাত (৭)। হারুন নৌযানের সরঞ্জামের ব্যবসা করেন।
নৌকায় হারুনের স্ত্রী পারভীন আক্তার (৩০) ও ছেলে মিরাজও (৭) ছিল। নৌকাডুবির পর আশপাশের মাঝিরা তাঁদের উদ্ধার করেন। মিরাজ ও ইশরাত যমজ সন্তান।
হারুনের বাসা চট্টগ্রাম নগরের রশিদ বিল্ডিং এলাকায়। তিনি ঈদ করার জন্য গ্রামের বাড়ি চন্দনাইশের বৈলতলী গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁরা দুর্ঘটনায় পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্ণফুলীর দক্ষিণ পাড় চর পাথরঘাটার ব্রিজঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা (স্থানীয় ভাষায় পানির টেম্পো) যোগে সপরিবারে সদরঘাটের দিকে রওনা হন। সদরঘাটের কাছাকাছি পৌঁছলে একটি মাছ ধরার নৌকা তাঁদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
হারুনের ভায়রা রাজ্জাক আলী বলেন, দুর্ঘটনার পর পর পারভীন আপা ও ছেলে মিরাজকে উদ্ধার করা হয়। কিন্তু ভাইয়া ও দুই ছেলেমেয়েকে পাওয়া যায়নি। ঈদ শেষে বাড়ি থেকে ফিরছিলেন তাঁরা। তাড়াতাড়ি আসার জন্য চরপাথরঘাটা নেমে নৌকায় এই পাড়ে আসার সময় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার আধঘণ্টা পর কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া পারভীন আক্তার স্বামী ও সন্তানদের পরিণতি নিয়ে উদ্বিগ্ন। তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, নৌকাডুবির ঘটনায় বাবা ও ছেলেমেয়ে নিখোঁজ। কোস্টগার্ড ও নেভি উদ্ধার অভিযান চালাচ্ছে।