নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে গত বৃহস্পতিবার সকালে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর লাশ ৪৮ ঘণ্টা পর একই স্থানে ভেসে উঠেছে।
আজ শনিবার সকালে জান্নাতুল মাওয়া ও হানুফা আক্তারের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের তীরে নিয়ে আসে। তারা দুজনই বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামের একটি মাদ্রাসার ছাত্রী ছিল। বাড়ি চর জুঁইদণ্ডী গ্রামে।
বৃহস্পতিবার সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ঈশ্বরবাবুর ঘাট থেকে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি অপর পাড়ে ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে মাঝের ঘাট এলাকার জান্নাতুল মাওয়ার লাশ ভেসে ওঠে। এর ঘণ্টাখানেক পর একই স্থানে হানুফার লাশও ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দুটি নদ থেকে তুলে তীরে নিয়ে আসে।
এর আগে ওই দুই ছাত্রীর সন্ধানে গত বৃহস্পতি ও শুক্রবার নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালান। তবে খোঁজ মেলেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী প্রথম আলোকে বলেন, সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।