নৌকাবাইচ দেখতে ভৈরব নদের তীরে মানুষের ঢল
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গতকাল শুক্রবার নৌকাবাইচ হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে নদের দুই তীরে হাজার হাজার মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন।
নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে চামড়া প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান এসএএফ ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বেলা তিনটায় নৌকাবাইচ শুরু হয়। ভৈরব নদের তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটারে এ প্রতিযোগিতা হয়।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা আটটি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি উপেক্ষা করে লোকজন নদের তীরে আসতে থাকেন। বেলা তিনটায় নৌকাবাইচ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। অনেকেই বৃষ্টিতে ভিজে নৌকাবাইচ দেখেন।
খুলনার কয়রা থেকে আসা গোলাম রব্বানীর ‘সুন্দরবন টাইগার’ নামের নৌকা প্রথম, তেরখাদার কোলাবাজার থেকে আসা দিদার মোল্যার ‘ভাই ভাই জলপরী’ দ্বিতীয় এবং তেরখাদার মোকামপুর থেকে আসা মাহাবুর রহমানের ‘আল্লাহ ভরসা’ তৃতীয় স্থান লাভ করে।
জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে বিজয়ী নৌকার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাসির উদ্দীন মিয়া, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন, পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সেখ মোমিন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র সুশান্ত দাস।