নৌকাবাইচে ১৪৪ ধারা!
রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা উপক্ষো করে গত শনিবার নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নিতে পারেনি। অন্য একটি পক্ষ একই স্থানে আরেকটি অনুষ্ঠানের আবেদন করেছে, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা বলে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের কান্তার বিলে নৌকাবাইচ এবং পুঠিয়া স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হিরা বাচ্চু বলেন, ঐতিহ্যবাহী নৌকাবাইচ এখন হারিয়ে যাওয়ার পথে। তাই খেলাটিকে আবারও মানুষের মাঝে ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়। কিন্তু একটি মহল অনুষ্ঠানের ওপর ১৪৪ ধারা জারি করতে বাধ্য করে। এর পরও শনিবার বিকেলে কয়েক হাজার মানুষ কান্তার বিলে সমবেত হয় এবং যথারীতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। কিন্তু সন্ধ্যায় স্টেডিয়ামের মঞ্চ পুলিশ ভেঙে দেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারেক বলেন, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে ১৪৪ ধারা জারি করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান বেশি বেশি হওয়া উচিত। কিন্তু তার পরও অনেক সময় আমাদের করার কিছুই থাকে না।’