নৌকাভ্রমণে গিয়ে পাখায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নৌকাভ্রমণে গিয়ে জেনারেটরের পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরীর নাম মারিয়া আক্তার। সে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের মেহেদী হাসানের মেয়ে। মারিয়া মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা সদরের বাইপাস (পালপাড়া) এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। বুধবার সকালে বাসার মালিক আবদুল আলিমসহ কয়েকটি পরিবারের সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরইবাড়ি এলাকার মকশ বিলে যাচ্ছিলেন।

নৌকায় জেনারেটর দিয়ে সাউন্ডবক্সে গান বাজানোর ব্যবস্থা ছিল। নৌকার আরোহীদের কয়েকজন ছাদে উঠে গানের সঙ্গে তাল মিলিয়ে আনন্দ করছিলেন। তাঁদের সঙ্গে মারিয়াও ছিল। পলাশতলী এলাকায় নৌকাটি পৌঁছালে মারিয়া নৌকার ছাদ থেকে নিচে নামছিল। এ সময় তার গলার ওড়না জেনারেটরের পাখায় পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।

দেওভোগ গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আক্তার হোসেন বলেন, নৌকাভ্রমণে গিয়ে স্কুলছাত্রীর এমন মৃত্যুর ঘটনা দুঃখজনক। এ ঘটনায় আনন্দভ্রমণ বিষাদে পরিণত হয়।