নৌকায় চড়েও ডুবলেন দুই বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দুজনই বিএনপির নেতা ছিলেন। একজন উপজেলা ও অপরজন ইউনিয়ন পর্যায়ের। কিন্তু তাঁরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। ফলাফল, দুজনই পরাজিত হয়েছেন।
ইউপি নির্বাচনের শেষ ধাপে গত শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভোট হয়। বেসরকারি ফলাফলে দেখা যায়, লস্করদিয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহ্ মো. মশিউর রহমান ও পুরপাড়া ইউপির আবদুল মান্নান ফকির পরাজিত হয়েছেন। পুরপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুস সোবাহান মিয়া জিতেছেন ও লস্করদিয়ায় জিতেছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান।
মশিউর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি আর আবদুল মান্নান ফকির পুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, দলীয় পদ থেকে মশিউর ও আবদুল মান্নানকে বহিষ্কার করা হয়নি। ফলে তাঁরা এখনো বিএনপির নেতা। কেন তাঁদের ধরে নৌকা প্রতীক দিয়ে দেওয়া হলো তা বোধগম্য নয়। মনে হয়, আওয়ামী লীগ এ দুটি ইউনিয়নে তাঁদের দলের মধ্যে যোগ্য প্রার্থী পায়নি।
মশিউর রহমান বলেন, ‘আমি বিএনপির কেন্দ্রীয় সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের শিষ্য ছিলাম। তিনি লস্করদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। আমি আজীবন বিএনপি করেছি। পরপর দুই দফা আওয়ামী লীগ ক্ষমতায় এল অথচ আমার এলাকার কোনো উন্নয়ন হলো না। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। বিএনপি নেত্রী খালেদা জিয়া ওবায়দুর রহমানকে যথার্থ মূল্যায়ন করেননি। অপরদিকে ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ তাঁর বাবার ধারায় রাজনীতি করছেন না। এ জন্য আমি বিএনপি ছেড়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, তিনি এক বছর আগে বিএনপি ছেড়ে দিয়েছেন। তারপর উপজেলা বিএনপির সম্মেলনও হয়েছে। কিন্তু তাঁকে উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। তাঁর ধারণা, কোনো এক উদ্দেশ্য হাসিলের জন্য উপজেলা বিএনপি তাঁকে সহসভাপতির পদে বহাল রেখেছে।
পুরপাড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান ফকির বলেন, তিনি ১৯৯৬ সালের সংসদীয় নির্বাচনের সময় আওয়ামী লীগ করেছেন। পরে অবশ্য বিএনপিতে যোগ দিয়েছিলেন। এবার তিনি আবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়েছেন।
আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা বলেন, বিএনপির দুই নেতাকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী করায় তখনই সমালোচনা হয়েছে। মনোনয়ন-বাণিজ্যেরও অভিযোগ উঠেছিল। নগরকান্দা আওয়ামী লীগের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর। তিনি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে। তাই অনেকে (কর্মী) তাঁদের হয়ে মাঠে নামেননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, এ কথা সত্য যে তাঁরা দুজনই বিএনপির নেতা। আবার দলে আওয়ামী লীগের যোগ্য প্রার্থী ছিল না তা-ও নয়। তবে তাঁদের দুই মনোনীত প্রার্থীর জনসংশ্লিষ্টতা তেমন ছিল না। আর মনোনয়ন-বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, দল যাঁকে যোগ্য মনে করেছে, তিনি মনোনয়ন পেয়েছেন। এখানে কোনো অনিয়ম হয়নি।