
সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা জনগণের কাছে যে ওয়াদা করেছিলাম তার অনেক কিছুই পূরণ হয়েছে। কিছু ওয়াদা পূরণের কাজ চলছে। এরপর যা অবশিষ্ট থাকবে তা আগামীতে পূরণ করা হবে। এ জন্য আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’ আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুগদায় এক জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ আহ্বান জানান। স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী জনসভায় সভাপতিত্ব করেন। জনসভার আগে ৫০০ শয্যার মুগদা জেনারেল হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই হাসপাতালে বার্ন ইউনিট, হূদরোগের নানা পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিত্সার সব সুযোগ-সুবিধা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালটির কাছে আরেকটি আধুনিক নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
হাসপাতালটি তৈরিতে ১১০ কোটি টাকা খরচ হয়েছে বলে সাবের হোসেন চৌধুরী জানান।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগে উনি হাওয়া ভবন খুলেছিলেন। এবার নতুন কোনো ভবন খুলে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও অর্থ পাচার করতে চান। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নে বিশ্বাসীদের কাছ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওরা ক্ষমতায় এলে মা-বোনদের নির্যাতন করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে সমৃদ্ধ দেশ হিসেবে। তবে তার আগে কলঙ্ক মোচন করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে।
যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিচারের রায় পেতে শুরু করেছি। যাঁরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাঁদের আত্মা শান্তি পাচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হচ্ছে। এর চেয়ে বড় পাওয়া আর কী আছে? দেশবাসীর কাছে আমরা ওয়াদা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। ওয়াদা রক্ষা করেছি।’
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সায়েদাবাদে একটি পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। খিলগাঁওয়ে আরেকটি করা হবে। বিদ্যুত্ সমস্যা এখন আর নেই। ঢাকায় অনেকগুলো স্কুল-কলেজ করা হচ্ছে। এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২০ হাজারের নির্মাণকাজ চলছে। বর্তমান সরকার আবার ক্ষমতায় না এলে গরিব-দুঃখী ও নিম্ন আয়ের মানুষের এই ফ্ল্যাট নির্মাণ হবে না। যারা দুর্নীতি, সন্ত্রাস করে এবং যারা মসজিদে আগুন দেয় তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া ওয়াশিংটন টাইমস-এ নিবন্ধ লিখে জিএসপি সুবিধা বাতিলে ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘উনি একটি ইহুদি মালিকের পত্রিকায় আমাদের পোশাকশিল্পের বিরুদ্ধে লিখেছেন। যারা গার্মেন্টসে চাকরি করে, বিশেষ করে মহিলাদের পেটে উনি লাথি মারতে চান।’
জনসভায় সাবের হোসেন চৌধুরী স্থানীয় মানুষের উদ্দেশে বলেন, ‘২০০৮ সালে আপনারা নৌকা বেঁছে নিয়েছিলেন। আপনাদের ভোটের মর্যাদা ও সম্মান রাখার চেষ্টা করেছি উন্নয়নের মাধ্যমে। আবারও সেই দায়িত্ব দেওয়া হলে ২০২১ সালে আধুনিক ও মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।’ গত সাড়ে চার বছরে খিলগাঁও ও সবুজবাগ এলাকায় পানি, বিদ্যুত্ সমস্যা সমাধান ও রাস্তাঘাট উন্নয়নে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তুলে ধরেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভাস্থলে উপস্থিত ছিলেন।