নৌকার ওপর কার্গো প্রাণ হারালেন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ ধরার জন্য নৌকা নিয়ে নদীতে গিয়েছিলেন পাঁচ জেলে। রাত হওয়ায় ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। কিন্তু মাছ নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তাঁদের। রাতে একটি কার্গোর চাপায় তাঁদের নৌকাটি ডুবে যায়। এতে একজন নিহত ও চারজন আহত হন। গত রোববার দিবাগত রাতে মেঘনা নদীর ভোলার বঙ্গেরচর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জেলের নাম বাছেত মাতুব্বর (২০)। আহত জেলেরা হলেন নুরুজ্জামান (৪৫), মো. হেলাল (৩০), মো. কবির (২১) ও সিরাজ মাল (৩৫)। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার কাপেরহাট এলাকায়।পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, মেঘনার বঙ্গেরচর এলাকায় জাল পেতে রোববার রাতে মো. কবির অপর চারজন জেলেকে নিয়ে নৌকায় ঘুমাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে ঢাকার দিক থেকে আসা একটি তেলবাহী কার্গো ওই নৌকাটিকে চাপা দিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পর ডুবে যায়।আহত জেলেদের মধ্যে একজন জানান, ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁদের নৌকার ওপর কার্গোটি উঠিয়ে দেওয়া হয়। এ কারণে তাঁরা নদীতে ঝাঁপ দিতে পারেননি। এতে নৌকার মধ্যে থেকে যাওয়ায় তাঁদের সবার শরীরের বিভিন্ন অংশ কেটে ও থেঁতলে যায়। এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের নৌকার জেলেরা এগিয়ে আসেন। পরে তাঁরা তাঁদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাছেত মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত জেলেরা কার্গোটিকে শনাক্ত করতে পারেনি। এ জন্য ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।