আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন থেকে একই পরিবারের দুই ব্যক্তি পৃথক দুটি দলের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক চৌধুরী। আর এইচ এম এরশাদের জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী ওরফে সাবলু চৌধুরী। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।
বিএনপি ছাড়া আগামী সংসদ নির্বাচন হলে এবং আওয়ামী লীগের সঙ্গে জাপার এই আসনে প্রার্থী নিয়ে রাজনৈতিক সমঝোতা না হলে চাচা-ভাতিজাই হবেন এবারের নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী।
জানা গেছে, বিগত সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে এই আসনটি আওয়ামী লীগ জাপাকে ছেড়ে দিলে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা হতাশ হন। কিন্তু এবার আওয়ামী লীগ থেকে কাঙ্ক্ষিত পছন্দের প্রার্থী পেয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা চাঙা হয়ে উঠেছেন। তাঁরা কিছুতেই আর এরশাদকে আসনটি ছাড় দিতে রাজি নন।
তাঁদের দাবি, এরশাদ বা লাঙলের প্রতি এলাকার সাধারণ ভোটারদের আগের মতো আর মোহ নেই।
বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী বলেন, এখন গ্রামগঞ্জেও বিভিন্ন টিভি চ্যানেল দেখা যায়। নানা ইস্যুতে এরশাদের দ্বিমুখী কথাবার্তা শুনে সাধারণ মানুষও তাঁর ওপর ভীষণ ক্ষুব্ধ। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা আর আগের মতো নেই, এবারের নির্বাচনে তার প্রমাণ মিলবে। এলাকায় নৌকার প্রার্থীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। কাজেই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা আসনটি আর এরশাদকে ছাড় দিতে রাজি নয়।
আওয়ামী লীগ ও জাপা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাপা মনোনীত প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি এখনো বদরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্বে আছেন। হঠাৎ করে তিনি প্রার্থী হিসেবে জাপার মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। একইভাবে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও প্রার্থী হিসেবে তাঁকে প্রত্যাখ্যান করেছেন।
তারাগঞ্জ উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক সরফরাজ দুলাল বলেন, এরশাদের কর্মকাণ্ডে মানুষ ক্ষুব্ধ। নৌকার ঘরে লাঙল চলে যাওয়ায় জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থকেরা ভীষণ ক্ষুব্ধ।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আসাদুজ্জামান চৌধুরী আমার চাচা। তিনি জীবনের শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির আদর্শে গড়ে উঠেছেন। কিন্তু অবাক হয়েছি, হঠাৎ করে সেই আদর্শ বিসর্জন দিয়ে জাতীয় পার্টির টিকিট নেওয়ায়।’
আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রত্যেক মানুষের উচ্চাশা থাকে। এ কারণেই আমি জাতীয় পার্টির মনোনয়ন নিয়েছি।’