নৌকার ঘাঁটিতে মুঠোফোনের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বা স্থানীয় যেকোনো পর্যায়ের নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার ইসলামনগর (খানকা শরিফ) এলাকা এত দিন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এবারই প্রথম এখানকার বাসিন্দাদের দলবেঁধে পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়। এই প্রার্থীর প্রতীক হলো মুঠোফোন।
সরেজমিনে গতকাল বেলা ১১টার দিকে দেখা গেছে, ঠাকুরগাঁও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামনগরের লোকজন পিকআপ ট্রাকে চড়ে শহরের আদালত চত্বরে জড়ো হচ্ছেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর নুর ইসলাম ওরফে ছুটু। পরে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এস এম সোলায়মান আলী সরকার এলে তাঁরা শহরে প্রচারণায় নেমে যান।
সে সময় কথা হয় আবেদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি নিজেকে ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক দাবি করে বলেন, ‘ইসলামনগরের খানকা শরিফ পীর সাহেব গত শনিবার মেয়র পদে সোলায়মান আলী সরকারকে দোয়া দিয়েছেন। পীর সাহেবের দোয়ার পর আমরা সোলায়মান আলীর পক্ষে শহরে প্রচারণায় এসেছি।’
নাম প্রকাশ না করার শর্তে ঠাকুরগাঁও রোড এলাকার এক বাসিন্দা বলেন, শনিবার রাতে খানকা শরিফের মসজিদের মাইকে সোলায়মান আলীর সমর্থনে পীর সাহেবের দোয়া দেওয়ার কথা প্রচার করা হয়েছে।
১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নুর ইসলাম ওরফে ছুটু। তিনি বলেন, ‘যেকোনো নির্বাচনে পীর সাহেব যাঁকে দোয়া দেন, আমরা তাঁর পক্ষেই কাজ করি, ভোট দিই। এবার মোবাইল মার্কার দোয়া পাওয়ায় তাঁর পক্ষে কাজ করছি।’
গত কয়েকটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ইসলামনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ছিল ১ হাজার ৪৭২। ভোট পড়ে ১ হাজার ৩৪০টি। এ কেন্দ্রে নৌকা মার্কা নিয়ে রমেশ চন্দ্র সেন পান ১ হাজার ২৬২ ও ধানের শীষ মার্কা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পান মাত্র ৫৬টি ভোট। ইসলামনগরের আরেকটি কেন্দ্রের ১ হাজার ৩৩৪টি ভোটের মধ্যে নৌকা মার্কা পায় ১ হাজার ২৬০ ও ধানের শীষ পায় ৫৫ ভোট।