নৌকার জন্য লড়ছেন তিন ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে নৌকার জন্য লড়ছেন এক পরিবারের তিন ভাইবোন।

এঁরা হলেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ছোট ভাই সোনালী ব্যাংকের সাবেক পরিচালক সাইমুম সরওয়ার কমল এবং ছোট বোন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী।
গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিন ভাইবোন পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন বলেন, গত ২৮ নভেম্বর দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনের দলীয় প্রার্থী হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাককে মনোনয়ন দিয়েছেন।
ইতিমধ্যে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এর বাইরে যাঁরা দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ ডিসেম্বর সবকটি বাতিল হয়ে যাবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘এখনো দলের মনোনয়ন আমি পাব বলে আশা করছি। তাই মনোনয়নপত্র দাখিল করেছি। ১২ ডিসেম্বরের মধ্যে দলের সিদ্ধান্ত না পেলে দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব।’
নাজনীন সরওয়ার কাবেরী বলেন, তিনিও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। কেন্দ্র যাঁকে মনোনয়ন দেবে তিনি তাঁর পক্ষেই কাজ করবেন।
মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও বড় ভাই কাজলের বক্তব্য পাওয়া যায়নি।
দলের নেতারা বলেন, গত সংসদ নির্বাচনে সাইমুম সরওয়ার মহাজোটের প্রার্থী ছিলেন। কিন্তু বড় ভাই কাজলের বিরোধিতার কারণে তিনি বিএনপির প্রার্থীর কাছে হেরে যান।