
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নিজের অনুসারীদের নৌকা প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত।
গতকাল মঙ্গলবার সকালে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে অনুসারী দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা করেন প্রাণ গোপাল। সেখানে ওই নির্দেশ দেন তিনি।
প্রাণ গোপাল দত্ত এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য গত দুই বছর মাঠে তৎপর ছিলেন। কিন্তু এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলী আশরাফ।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টায় চান্দিনার মহিচাইল গ্রামের বাড়িতে অনুসারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সভা করেন প্রাণ গোপাল। সেখানে বিভিন্ন বক্তা দলের নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন প্রাণ গোপাল।
বক্তৃতাকালে প্রাণ গোপাল দত্ত বলেন, ‘একটি বৃহৎ রাজনৈতিক দল থেকে অনেকেই নমিনেশন (মনোনয়ন) চাইতে পারেন। কিন্তু দল সবাইকে নমিনেশন দিতে পারে না। যেকোনো একজনের হাতেই দল নমিনেশন তুলে দেবে, এটাই স্বাভাবিক। এতে মান-অভিমান করলে চলবে না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে হবে। নৌকার জন্য কাজ করতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক পরিচালক আবদুল মমিন সরকার, আইনজীবী শাহজালাল মিঞা, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মাইজখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম প্রধান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
জানতে চাইলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মাইজখার ইউপির চেয়ারম্যান মো. সেলিম প্রধান বলেন, ‘প্রাণ গোপাল দত্ত দলের সব নেতা-কর্মীকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই নৌকার পক্ষে কাজ করব।’