নৌকার পক্ষে রাজপথে সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা

রাজধানীর অন্তত নয়টি সরকারি হাসপাতালের কয়েক হাজার চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ভোট চাইলেন নৌকার পক্ষে। গতকাল সোমবার রাজধানীতে নৌকা প্রতীকের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে তাঁরা বিশাল সমাবেশ ও শোভাযাত্রা করেন, প্রচারপত্র বিতরণ করেন। শোভাযাত্রায় ঢাকার দুটি আসনের আওয়ামী লীগের দুই প্রার্থীও অংশ নেন।
বিভিন্ন সংগঠনের ব্যানারে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রা শুরু হয় বেলা পৌনে দুইটায়। শোভাযাত্রাটি আসাদগেট, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি হয়ে বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে গিয়ে শেষ হয়।
এ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাড়াও বিএসএমএমইউ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, শিশু হাসপাতাল, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল। এ সময় ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান উপস্থিত ছিলেন। তাঁরা নৌকাকে বিজয়ী করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা চান।
শোভাযাত্রার ব্যানারে বড় হরফে লেখা ছিল, ‘৩০ তারিখ সারা দিন নৌকায় ভোট দিন’, ‘আমরা নিরপেক্ষ নই, আমরা স্বাধীনতার পক্ষে’। একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও নৌকার পক্ষে ভোট চেয়ে বানানো বিভিন্ন গান উচ্চ স্বরে বাজানো হয়।
শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। অনেকে নৌকার পক্ষে ভোট চেয়ে বানানো টি-শার্ট পরে শোভাযাত্রায় অংশ নেন। চিকিৎসক ও নার্সরা ‘অ্যাপ্রোন’ পরে শোভাযাত্রায় অংশ নেন। অনেকের গলায় সরকারি হাসপাতালের পরিচয়পত্রও ঝুলতে দেখা যায়। সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়াকে নিজ হাতে নৌকার পক্ষে প্রচারপত্র বিলি করতে দেখা যায়।
শোভাযাত্রায় অংশ নেওয়া একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল এসব হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ খোলা ছিল। বিভিন্ন হাসপাতালে অস্ত্রোপচার কক্ষও চালু ছিল। তবে চিকিৎসক, নার্সদের অনুপস্থিতিতে গতকাল চিকিৎসাসেবা ব্যাহত হয়। দূর থেকে আসা অনেক রোগী ভোগান্তির শিকার হন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, তাঁরা মনে হয় ভুলে গেছেন যে তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো রাজনৈতিক দলের কর্মী নন। রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করতে চাইলে তাঁদের আগে প্রজাতন্ত্রের পদ থেকে পদত্যাগ করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের শৃঙ্খলাবিধি ভঙ্গের অপরাধে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত।