নৌকার প্রচারে চট্টগ্রামের রাস্তায় তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারে শিল্পীরা। ছবি: সৌরভ দাশ
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারে শিল্পীরা। ছবি: সৌরভ দাশ

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়ে চট্টগ্রামে প্রচারে নেমেছেন নাট্য ও চলচ্চিত্রজগতের শিল্পীরা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে এ প্রচার শুরু হয়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে চট্টগ্রামের সংসদীয় আসনগুলোয় আজ দিনভর গণসংযোগ করবেন টিভি ও চলচ্চিত্র তারকারা।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে প্রচার শুরুর আগে সংক্ষিপ্ত পথসভা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলামের সঞ্চালনায় কয়েকজন অভিনেতা-অভিনেত্রী বক্তব্য দেন। তাঁরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। স্বাধীনতা পক্ষের শক্তিকে বিজয়ী করতে তরুণদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারে শিল্পীরা। ছবি: সৌরভ দাশ
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারে শিল্পীরা। ছবি: সৌরভ দাশ

চলচ্চিত্র তারকা রিয়াজ বলেন, নৌকার সমর্থনে সারা দেশে তাঁরা প্রচার চালাচ্ছেন। দেশব্যাপী নৌকার জোয়ার শুরু হয়েছে। আরেক অভিনয়শিল্পী শাকিল খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে আবার নৌকাকে বিজয়ী করতে হবে।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নৌকা প্রতীককে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। শাহরিয়ার নাজিম জয় বলেন, নৌকাকে বিজয়ী করতে দেশের শিল্পী, সাহিত্যিক, কবি ও সংস্কৃতিকর্মীরা এক হয়েছেন। নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাংসদ হাছান মাহমুদ বলেন, ১৯৭০ সালে নৌকা প্রতীকের পক্ষে সারা দেশের কবি, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, মঞ্চ ও অভিনয়শিল্পীরা এক হয়েছিলেন। আজ ২০১৮–তে এসে সংসদ নির্বাচনের আগে এসব শ্রেণি-পেশার মানুষ আবার নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। দেশের ৯০ শতাংশ শিল্পী আওয়ামী লীগের পক্ষে আছেন।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারে শিল্পীরা। ছবি: সৌরভ দাশ
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারে শিল্পীরা। ছবি: সৌরভ দাশ

অভিনেত্রী তারিন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে এগিয়ে নিতে শিল্পীসমাজেরও দায়বদ্ধতা আছে। এ জন্য শিল্পীসমাজ নৌকা প্রতীকের পক্ষে মাঠে নেমেছে।

চট্টগ্রামের ১৬ আসনে মহাজোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে রোকেয়া প্রাচী বলেন, ‘জামায়াত, রাজাকার ও যুদ্ধাপরাধীরা যেন চট্টগ্রাম থেকে একটি আসনও না পায়। সবাই জামায়াত, রাজাকার ও যুদ্ধাপরাধীমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই।’

অভিনেতা ফেরদৌস বলেন, একসময় উন্নয়ন শুধু ঢাকাকেন্দ্রিক ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এই ধারা ধরে রাখতে হবে। আরেক অভিনেতা সায়মন ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

নৌকার পক্ষে প্রচারে অংশ নেওয়ায় শিল্পীদের ধন্যবাদ জানান চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার কারণেই দেশে সুস্থ সংস্কৃতি চর্চা চলছে। বাঙালি জাতিকে এগিয়ে নিতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। আজ শিল্পীরা প্রগতি ও মুক্তিযুদ্ধের পক্ষে এগিয়ে এসেছেন।

প্রচারে আরও অংশ নেন শিল্পী অরুণা বিশ্বাস, বিজরী বরকতউল্লাহ, সুইটি, মাহফুজ, আসিফ, মীর সাব্বির প্রমুখ। শিল্পীদের কাছে পেয়ে অনেকে হাত মেলান। কেউ সেলফি তোলেন।