নৌকার প্রার্থীদের আধিপত্য, অন্যদের ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট গ্রহণ শেষ। এবার গণনার পালা। বাক্স খুলে ব্যালট পেপার বের করছেন ভোট গ্রহণ কর্মকর্তারা। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউপির শানিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি l হাসান মাহমুদ
ভোট গ্রহণ শেষ। এবার গণনার পালা। বাক্স খুলে ব্যালট পেপার বের করছেন ভোট গ্রহণ কর্মকর্তারা। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউপির শানিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি l হাসান মাহমুদ

কেন্দ্রে কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীদের আধিপত্য বিস্তার; ছিল প্রতিপক্ষের এজেন্টদের বিতাড়ন ও প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার অভিযোগও। এমন নানা অনিয়মের মধ্য দিয়ে পাবনা সদর ও চাটমোহর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬টি ইউপির মধ্যে পাঁচটিতে নয়জন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
এই নয় প্রার্থী হলেন সদর উপজেলার আতাইকুলা ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বিশ্বাস, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন ও শওকত হোসেন; হেমায়েতপুর ইউপিতে বিএনপির প্রার্থী রিদ্দিক হোসেন, চরতারাপুর ইউপিতে বিএনপির প্রার্থী রহমত শেখ, চাটমোহর উপজেলার হরিপুর ইউপিতে বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাশেম সরদার এবং গুনাইগাছা ইউপিতে বিএনপির প্রার্থী গোলাম মওলা।
এসব প্রার্থীর অভিযোগ, ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীদের কর্মী-সমর্থকেরা আধিপত্য বিস্তার করেন। সকাল ১০টার মধ্যেই সব কেন্দ্র থেকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়। এরপর ভোটারদের প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারতে বাধ্য করা হয়। এ ছাড়া নৌকার প্রার্থীদের সমর্থকেরা জাল ভোট দিয়ে বাক্স ভরতে থাকেন।
সরেজমিনে দুই উপজেলার বিভিন্ন ইউপিতে ঘুরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সকালে বিপুল উৎসাহ নিয়ে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাতে ভাটা পড়ে। অধিকাংশ ভোটকেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের একক আধিপত্যে কোণঠাসা হয়ে পড়েন অন্যান্য প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা। সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মালিগাছা ইউপির রামানন্দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ১০টায় কাজলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বুথের বাইরেই ভোটারদের প্রকাশ্যে সিল মারতে দেখা যায়। জানতে চাইলে তাঁরা বলেন, বাধ্য হয়ে তাঁরা প্রকাশ্যে সিল মারছেন।
সদর উপজেলার ভাড়ারা ইউপির চর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোট।
দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউপির গুনাইগাছা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে চোখে পড়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার দৃশ্য। দুই যুবক ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেরাই তাতে সিল মারছিলেন। জানতে চাইলে তাঁরা নৌকা প্রতীকের এজেন্ট বলে পরিচয় দেন। বেলা একটার দিকে একই রকম চিত্র দেখা যায় উপজেলার হরিপুর ইউপির হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বলেন, কোথাও কোনো আধিপত্য বিস্তারের ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে অন্য প্রার্থীরা ভোট বর্জনের নাটক সাজিয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।