নৌকার প্রার্থীর ছিনিয়ে নেওয়া ৬৯টি ব্যালট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালট বাক্স
প্রতীকী ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকার প্রার্থীর নেতৃত্বে ছিনিয়ে নেওয়া ৬৯টি ব্যালট পেপার বাতিল করেছেন প্রিসাডিং কর্মকর্তা। আজ রোববার দুপুরে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

লালপুরের গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী জানান, বেলা দুইটায় ঈশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় (নৌকা) চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম দুই যুবককে সঙ্গে করে কেন্দ্রের একটি কক্ষে ঢোকেন। তাঁর নেতৃত্বে ওই দুই যুবক পোলিং কর্মকর্তাদের কাছ থেকে চেয়ারম্যান পদের ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারতে শুরু করেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে আসেন। তবে তাঁরা পৌঁছানোর আগেই ওই প্রার্থী তাঁর সহযোগীদের নিয়ে চলে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রিসাইডিং কর্মকর্তা ছিনিয়ে নেওয়া ৬৯টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেন। এতে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে ভোট গ্রহণ স্বাভাবিক হয়।

নাটোর জেলার মানচিত্র

অভিযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেছেন, তিনি শুনেছেন কিছু লোক জোর ব্যালট ছিনিয়ে নিয়েছে। কিন্তু তিনি সেখানে ছিলেন না।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম জানান, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স নিয়ে তিনি গৌরিপুর কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে কিছু ব্যালট পেপার বাতিল করা হয়েছে। তবে তাঁর পৌঁছার আগেই ছিনতাইকারীরা চলে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। এর পর থেকে ওই কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের একটি ইউনিটকে রেখে দেওয়া হয়েছে।

লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলছে ৯৩টি কেন্দ্রে। এর মধ্যে ৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।