নৌকার প্রার্থীর দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর দাবিতে গতকাল সকালে দক্ষিণ সুরমা রশিদপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিশ্বনাথ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  ছবি: প্রথম আলো
সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর দাবিতে গতকাল সকালে দক্ষিণ সুরমা রশিদপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিশ্বনাথ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবিতে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এখানে যেন কোনো অবস্থাতেই মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হয়, সে দাবি-সংবলিত স্লোগানও দেওয়া হয়।

গতকাল বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের শেরপুর টোল প্লাজা, সাদিপুর, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কুরুয়া বাজার এলাকায় এ অবরোধ চলে। এতে আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে বিক্ষুব্ধ ব্যক্তিরা অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করেছেন। কর্মসূচিতে স্থানীয়ভাবে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের নেতা-কর্মীরা অংশ নেন। কয়েক বছর ধরেই এই দুই পক্ষের নেতা-কর্মীরা যেকোনো কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছিলেন।

আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এঁরা উভয়েই এবার দলীয় মনোনয়ন চেয়েছেন। তবে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি। অবরোধ কর্মসূচি চলাকালে উভয় পক্ষের অনুসারীরা জানিয়েছেন, লাঙ্গল প্রতীক নয়, নৌকা প্রতীকের প্রার্থী তাঁরা এ আসনে চান। এতে যে কাউকেই নৌকা প্রতীক দেওয়া হোক, তাঁরা সেটা মেনে নেবেন। কারণ, জাতীয় পার্টির কোনো ভোটব্যাংক এখানে নেই। তাঁরা নৌকা প্রতীকের ভোট দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টায় রয়েছে।

অবরোধ কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, জেলা যুবলীগের নেতা কিবরিয়া মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি জাবেদ আহমদ আম্বিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের নেতা অরুনোদয় পাল ঝলক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, যুবলীগের নেতা মঈন উদ্দিন মোহন, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দেব, আওয়ামী লীগের নেতা বেলাল আহমদ প্রমুখ।

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বলেন, ‘আমরা সিলেট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী চাই। এ আসনে কোনো অবস্থাতেই আমরা জাতীয় পার্টির প্রার্থী চাই না। এখন সব বিভেদ ভুলে আওয়ামী লীগের সব পক্ষের অনুসারীরা এলাকায় একত্রিতভাবে যে আন্দোলন করছেন, এটা দলীয় ঐক্যের প্রতীক। এটি ধরে রেখে এ আসনে নৌকার পক্ষেই একমাত্র বিজয় অর্জন করা সম্ভব।’

দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছিলেন। পরে মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে এ আসনটি ছেড়ে দেওয়া হয়। পরে সে আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহ্ইয়া চৌধুরী সাংসদ নির্বাচিত হন। আসন্ন নির্বাচনেও মহাজোটের হয়ে এ আসনে জাপা প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, এমন খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।