নৌকার বাধা আনারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই দিন বাকি থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে। এখানে তরীকত ফেডারেশনের মহসচিব এম এ আউয়ালকে ১৪-দলীয় জোটের প্রার্থী করা হয়। তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। এই মনোনয়নের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সরব রয়েছেন।
এলাকার অনেকে জানান, মনোনয়নপত্র দাখিল করেই নৌকার প্রার্থী আউয়াল ঢাকায় চলে যান। এরপর গত ২৩ ডিসেম্বর তিনি হেলিকপ্টারে চড়ে রামগঞ্জে আসেন। কয়েক ঘণ্টা পর বিকেলেই আবার হেলিকপ্টার নিয়ে ঢাকায় ফিরে যান। নির্বাচনের নয় দিন আগে ২৭ ডিসেম্বর তিনি ঢাকা থেকে এসে নির্বাচনী মাঠে নামেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এখানে তরীকত ফেডারেশনের তেমন কোনো নেতা-কর্মী নেই। এ জন্য ১৪ দলের মনোনীত তরীকতের নেতা আউয়ালকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপরই নির্ভর করতে হচ্ছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ২৩ ডিসেম্বর দলের বর্ধিত সভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় সাত নেতাকে বহিষ্কার করা হয়। তবে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম দলে নিজ পদেই বহাল আছেন।
উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি আওয়ামী লীগের জেলা পর্যায়ের অত্যন্ত সক্রিয় নেতা। আবার ১৪-দলীয় জোট থেকে তরীকতের যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনিও লড়ছেন নৌকার হয়ে। তার মানে এবার নির্বাচন হচ্ছে নৌকা বনাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের একদল নৌকা প্রতীকের পক্ষ, আরেক দল নেতার পক্ষ হয়ে কাজ করছেন। সব নিজেরা নিজেরাই।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বলেন, দল থেকে তরীকত ফেডারেশনের মহাসচিবকে এই আসনে মনোনয়ন দেয়। নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে কিছু নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেন। এ জন্য তাঁদের বহিষ্কার করা হয়েছে। যাঁরা প্রকৃত দল করেন, তাঁদের দলের প্রতীকের বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘আউয়ালের লোকজন বালিয়া চৌমুহনী এলাকায় ২৯ ডিসেম্বর আমার পথসভায় হামলা চালায়। ভোটে কিছু যায় আসে না। নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা আউয়ালকেই এমপি বানাবেন বলে তাঁর লোকজন প্রচার করছেন। আর তাই তিনি অনেক পরে নির্বাচনী মাঠে নেমেছেন।’ আওয়ামী লীগের নেতা আরও বলেন, ‘আমার বিজয় ঠেকাতে প্রতিপক্ষের লোকজন ভোটকেন্দ্র নিয়ন্ত্রণের চক্রান্ত করছে। কিন্তু আমি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়ছি।’
এদিকে তরীকতের নেতা আউয়াল বলেন, ‘আমাকে এমপি বানানো হবে—এমন কথা আমার নেতা-কর্মীরা বলেননি। এটা প্রতিপক্ষের অপপ্রচার। জনগণই আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি বানাবেন। সে জন্য আমরা প্রতিটি এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। জনগণের সাড়াও পাচ্ছি।’