ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) নির্বাচনী আসনে নৌকার সমর্থকেরা এবার ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলীর হাতুড়ি মার্কার পক্ষে মাঠে নেমেছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নেতা-কর্মীরা এ আসনে জাতীয় পার্টির প্রার্থী স্থানীয় সাংসদ হাফিজ উদ্দিন আহমেঞ্চদকে হারাতে এককাট্টা হয়েছেন।
রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু শাহীন বলেন, ‘রানীশংকৈলের মানুষ দীর্ঘদিন জাতীয় সংসদের প্রতিনিধি থেকে বঞ্চিত রয়েছে। মহাজোট গঠনের পর বারবার এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় দলের নেতা-কর্মীদের বঞ্চনা আরও বেড়েছে। বর্তমান সাংসদ উন্নয়নের নামে সরকারি বরাদ্দ দিয়ে নিজের দল (জাপা) গুছিয়ে নিচ্ছেন। এতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার দলের প্রার্থী না থাকায় নির্বাচনে সমর্থনের বিষয়টি উন্মুক্ত থাকায় আমরা হাতুড়ি মার্কার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করছেন।’
দলীয় সূত্র জানায়, এ আসনে বরাবরই আওয়ামী লীগের বড় ভোটব্যাংক রয়েছে। ২০০১ সালের পর থেকে এখানে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করতে পারেননি। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোখলেছুর রহমান ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইমদাদুল হক জয়লাভ করেন। ২০০১ সালে মহাজোটের শরিক হিসেবে ঠাকুরগাঁও-৩ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া পর ইমদাদুল হক নৌকা মার্কা নিয়ে ভোট করে হাফিজ উদ্দিন আহমেঞ্চদের কাছে হেরে যান। ২০০৮ সালের নির্বাচনেও আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। এবার আওয়ামী লীগের প্রার্থী ইমদাদুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুল হক জানান, গত ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য সভা হয়। সভায় অধিকাংশ নেতা-কর্মী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলীকে সমর্থন দেওয়ার পক্ষে মতামত দেন।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক বলেন, ‘কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর স্থানীয় রাজনীতির কারণে আমাদের ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার বিকল্প ছিল না। তাই দলের নেতা-কর্মীরা হাতুড়ি মার্কার পক্ষেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।’