নৌকায় উঠেও তরীকতের বাধা আওয়ামী লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে তরীকত ফেডারেশন ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে লড়াই হবে এবার। তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলেও এই আসনে তাঁকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদ হাসানের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করেন এলাকার ভোটারেরা।
বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় নির্বাচনে তেমন উত্তাপ নেই। ভোটারদের মধ্যেও ভোট নিয়ে আগ্রহ কম। তবে এই আসনের তিন প্রার্থীর দুজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনের ফলাফল নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে ভোটারদের মধ্যে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নজরুল ইসলাম বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদ হাসান (আনারস) ও নাজিম উদ্দিন মুহুরী (মোরগ)। ৩০৮ বর্গমাইল আয়তনের এ উপজেলার লোকসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। ভোটার তিন লাখ ২৬ হাজার ৫০০ জন।
এলাকার ভোটারেরা জানান, নির্বাচনে মূলত উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসানের সঙ্গে তরীকতের নজিবুল বশর মাইজভান্ডারীর প্রতিদ্বন্দ্বিতা হবে। দলের অনেক তৃণমূল কর্মী গোপনে মাহমুদ হাসানের পক্ষে কাজ করছেন বলে তাঁরা জানান।
তবে অপর প্রার্থী ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন মুহুরী নির্বাচনী প্রচারণায় তেমন দৃশ্যমান নন। গত ২২ ডিসেম্বর দলের বর্ধিত সভায় দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে এর পরও এলাকায় তাঁর পোস্টার দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান বলেন, বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে। তাঁদের আরও সময় দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ফটিকছড়ি উপজেলা সদর, বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, আজাদী বাজার, ভূজপুর, নারায়ণহান, মির্জারহাট ও হেয়াকোতে চলছে নির্বাচনী প্রচারণা। কোনো প্রার্থীর পক্ষে মিছিল না হলেও রিকশা ও অটোরিকশায় চলছে মাইকিং। নির্বাচন সামনে রেখে গণসংযোগও করেছেন প্রার্থীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করেছি। সাংসদ থাকাকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক কাজ করেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, ‘আমি সব সময় দলের সঙ্গে ছিলাম। দলের বিপদের দিনে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছি। তাই নির্বাচনে প্রার্থী হয়েছি।’ নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লোকজন দীর্ঘদিন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের কথা ভেবেই প্রার্থী হয়েছিলাম। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার ইচ্ছে নেই আমার।’ উল্লেখ্য, ফটিকছড়ির এই আসনে এর আগে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হয়েছিলেন।