
‘দুর্ভাগা মানুষ আমরা। প্রথম শ্রেণির পৌরসভার বাসিন্দা হয়েও পিছিয়ে আছি যাতায়াতে। দীর্ঘ এক যুগ ধরে নৌকায় পার হতে হচ্ছে। সরকার যায় আর আসে, কিন্তু শেষ হয় না দুর্ভোগের। বর্ষায় মাতামুহুরী নদীতে পানি বাড়লে পৌর শহরে যাওয়া যায় না। ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয়।’ আক্ষেপের সুরে কথাগুলো বলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার খোয়াজনগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. জাকারিয়া (৪৫)।
মাতামুহুরী নদীর বাঁশঘাট-হাজিয়ান এলাকায় একটি পাকা সেতুর অভাবে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি গ্রাম—খোয়াজনগর, কোচপাড়া, হিন্দুপাড়া, হাজিয়ান ও লোটনীর মানুষ পারাপার হন নৌকায়। নদীর ওপারে গ্রামগুলো অবস্থান।
স্থানীয় লোকজন জানান, নৌকায় পারাপার না হলে দুই কিলোমিটার এলাকা ঘুরে মাতামুহুরী সেতু পার হয়ে চকরিয়া পৌর শহরে আসতে হয়। এতে সময় ব্যয় হয় প্রায় এক ঘণ্টা। কারণ, এই রাস্তায় রিকশাও চলে না। হেঁটেই চলাচল করতে হয়। কক্সবাজার জেলা পরিষদ সূত্র জানায়, একযুগ ধরে বাঁশঘাট-হাজিয়ান নৌ-ঘাটটি জেলা পরিষদ ইজারা দিয়ে আসছে। ১৪২১ বাংলা সনে ৯৭ হাজার টাকায় ঘাটের ইজারা দেওয়া হয়। ইজারাগ্রহীতা প্রতিজন একবার পার হতে তিন টাকা করে ঘাট ভাড়া (নৌকা ভাড়া) আদায় করেন। ইজারাগ্রহীতা এনামুল হক জানান, প্রতিদিন অন্তত ৫০০ মানুষ নৌকায় যাতায়াত করেন। হিন্দুপাড়ার বাসিন্দা বিমল নাথ (৩২) বলেন, ‘একটি পাকা সেতুর অভাবে আমাদের এলাকায় সড়ক যোগাযোগের সুযোগ নেই। কষ্টে যাতায়াত করতে হচ্ছে আমাদের।’
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, বাঁশঘাট ও হাজিয়ান গ্রামের মধ্যবর্তী স্থানে নদীর ওপর সেতু না থাকায় অন্তত পাঁচ গ্রামের সাড়ে চার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সেতু নির্মাণের আবেদন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।
জানতে চাইলে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘সেখানে একটি সেতু নির্মাণের জন্য আমি পৌর মেয়র থাকাকালে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্থান পরিদর্শন করে গিয়েছিলেন। কিন্তু তার আর বাস্তবায়ন হয়নি।’ তবে তিনি ওই এলাকায় একটি পাকা সেতু নির্মাণে উপজেলা পরিষদের পক্ষ থেকে আবার উদ্যোগ নেবেন বলে জানান।