
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে বলেন, নৌকায় ভোট দিলে ভবিষ্যতে কোনো কুঁড়েঘর থাকবে না। টিনের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার দুপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রংপুরে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে তিনি পীরগঞ্জে নির্বাচনী এলাকায় আসেন।
বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, হরতাল-অবরোধের নামে দিনের পর দিন গাছ ও রাস্তা কেটে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। গরিব-দুঃখীদের কষ্ট দিচ্ছেন। গরিবের পেটে লাথি মারছেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘জামায়াত-শিবির দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা দেশের স্বাধীনতা চায়নি। রাজাকার-আলবদর হয়ে গণহত্যা, ধর্ষণ, খুন ও লুটপাট করেছে। তাদের বিচার আমরা শুরু করেছি। আমরা এসব যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছি। ইতিমধ্যে কাদের মোল্লার রায় কার্যকর করা হয়েছে।’
টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খালেদ মাহমুদ চৌধুরী, আবুল কালাম আজাদ, রেজাউল করিম প্রমুখ। এর আগে শেখ হাসিনা বেসরকারি উড়োজাহাজের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি নির্বাচনী এলাকায় যান।
প্রধানমন্ত্রী বেলা একটা ৪৫ মিনিটে মঞ্চে ওঠেন। ৩২ মিনিটের বক্তব্যজুড়ে ছিল তাঁর সরকারের সাফল্যগাথা। তিনি বলেন, ‘নৌকায় ভোট দিলে আগামীতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব।’
নির্বাচনী জনসভা শেষে দুপুরে প্রধানমন্ত্রী তাঁর স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার ফতেপুরের বাড়িতে যান। সেখানে মধ্যাহ্নভোজ সেরে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন।