নৌকায় ভোট দেওয়ায় একঘরে পাঁচটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করায় পাঁচটি পরিবারকে সামাজিক ‘বন্ধ’ বা একঘরে করে দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত কোষাধ্যক্ষ এবং গত ২৮ মে অনুষ্ঠিত উয়ার্শী ইউপির নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহেল শাফির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ইউপি নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মাহাবুব আলম মল্লিক হুরমহল গতকাল শুক্রবার সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
এ সময় সামাজিকভাবে একঘরে করা পাঁচ পরিবারের সদস্য ও নবনির্বাচিত চেয়ারম্যান ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সম্পাদক মুরাদ হোসেনসহ ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হুরমহল অভিযোগ করে বলেন, বন্দে কাওয়ালজানী গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহেল শাফি দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেন। এতে আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই শাফি লোকজনকে নিয়ে উয়ার্শী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারদের নৌকা প্রতীকে ভোট না দিতে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগও দেওয়া হয়।
নির্বাচনে শাফি হেরে যাওয়ার পর তিনি তাঁর সমর্থক বন্দে কাওয়ালজানী গ্রামের আজিজ মিয়া, কদ্দুছ মিয়া ও ওমর আলী এবং নগর ভাতগ্রামের মাওলানা কাইয়ুমকে নিয়ে গত রোববার মসজিদ উন্নয়নের কথা বলে মাগরিবের নামাজের পর বন্দে কাওয়ালজানী জামে মসজিদে বৈঠক করেন। সেখানে ওই গ্রামের জহিরুল ইসলাম, দারগ আলী, আলমগীর, আফজাল হোসেন ও তাঁর তিন ভাই সেলিম মিয়া, শহিদুর রহমান, শফিকুল ইসলামসহ পাঁচ পরিবারকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অভিযোগে সামাজিকভাবে একঘরে করার ঘোষণা দেন। এ সময় শাফি তাঁর লোকজনকে সঙ্গে নিয়ে একঘরে করা ওই পাঁচটি পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলেন, তাঁরা গ্রামের কারও সঙ্গে কথা বলতে পারবেন না। কেউ তাঁদের সঙ্গে সামাজিক কোনো কাজ করবেন না। এরপর থেকে প্রায় এক সপ্তাহ ধরে ওই পাঁচটি পরিবারের লোকজন গ্রামের মসজিদে যেতে পারছেন না। সামাজিক কোনো কাজেও অংশ নিতে পারছেন না। এ ছাড়া নৌকা প্রতীকে ভোট দেওয়ায় ওই ইউনিয়নের অনেক ভোটার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও হুরমহল অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত জহিরুল ইসলাম বলেন, তিনি কয়েক দিন ধরে গ্রামের মসজিদে যেতে পারছেন না। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নবনির্বাচিত চেয়ারম্যানকে জানানোর পর তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
বন্দে কাওয়ালজানী গ্রামের ভোটার হায়দার আলী বলেন, শাফির লোকজন ভোটের পর থেকেই তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন।
আবদুল্লাহেল শাফি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সামাজিকভাবে একঘরে করা-সংক্রান্ত কোনো সভায় উপস্থিত ছিলেন না। ভোটের কোনো কারণ নয়, ওই পাঁচ পরিবারের লোকজন গ্রামের মসজিদের উন্নয়নকাজে অংশ না নেওয়ায় গ্রামবাসী তাঁদের কাছ থেকে দূরে থাকতে চেয়েছেন বলে তিনি শুনেছেন। তা ছাড়া দলীয় প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়েছেন। তা তিনি মেনেও নিয়েছেন। তাঁকে ভোট দেওয়া না-দেওয়া নিয়ে কারও সঙ্গে কোনো কথা বলেননি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।