নৌকায় সভার আয়োজন করলেই বুড়িগঙ্গার দূষণ কী বোঝা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী রক্ষায় গঠিত টাস্কফোর্সের সভা বুড়িগঙ্গা নদীতে নৌকার মধ্যে আয়োজন করার আহ্বান জানিয়েছেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি মন্তব্য করেছেন, এভাবে সভা করলে তবেই দেশের নীতিনির্ধারকেরা নদী দূষণের প্রকৃত চিত্র বুঝতে পারবেন।
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পানি দিবস উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ। সভার শিরোনাম ছিল ‘নদী দখল ও দূষণের স্বরূপ এবং পরিত্রাণ’।
সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, সব সময় ক্ষমতাবানেরা নদী দখল ও দূষণের সঙ্গে যুক্ত থাকেন। শিল্পপতিরা অনৈতিকভাবে নদী ধ্বংস করছেন। এসব ক্ষমতাবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় অন্য বক্তারা বুড়িগঙ্গাসহ অন্য নদীগুলো রক্ষায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, নদী রক্ষা করতে না পারলে বাংলাদেশের বেশির ভাগ মানুষের জীবন বিপন্ন হবে।
নদীসহ বিভিন্ন স্থানীয় সমস্যার সমাধানে নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে অভিমত দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, স্থানীয় ভিত্তিতে আন্দোলন করতে হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, মুষ্টিমেয় ক্ষমতাবান পরিবেশ ও নদী দূষণের জন্য দায়ী। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বেশির ভাগ মানুষ। নদী ছাড়াও মাটি, পানি, বায়ুসহ সামগ্রিকভাবে পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানতিনি।
পবার চেয়ারম্যান আবু নাসের খান সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান।