শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নাসরিন আক্তার পেয়েছেন ১২০ ভোট। তিনিসহ ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসমাইল হোসেন খান ৪ হাজার ১৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে জয়নগর ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন নাসরিন আক্তার। এ ইউপিতে দলটির বিদ্রোহী প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী আমিনুল ইসলাম। এ ছাড়া আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এত কম ভোট পাওয়ার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নাসরিন আক্তার বলেন, ‘দলীয় নেতা-কর্মীরা নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তাঁরা কেন এমন করেছেন, তা আমি জানি না। বিষয়টি আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছি।’