নৌদুর্ঘটনা ঠেকাতে তৎপর ফায়ার সার্ভিস

ঈদে নৌদুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাঁচটি খেয়াঘাটে বিশেষ সেবা দিচ্ছে ফায়ার সার্ভিস। ঈদের আগের দিন থেকে এই সেবা চালু হয়েছে। চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বন্দর ১ নম্বর খেয়াঘাটে দেখা যায়, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য টহল দিচ্ছেন। কোনো নৌকা যাত্রী বোঝাই করে ছাড়ছে কি না, তা দেখভাল করছেন তাঁরা। ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্ক করে দিচ্ছেন, যাতে কেউ অতিরিক্ত যাত্রী হয়ে নৌকায় না ওঠেন। সতর্ক করা হচ্ছে নৌকার মাঝিদেরও। কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে লাইফ জ্যাকেট ও টিউব।
বন্দর ১ নম্বর ঘাটে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য মো. সেলিম হোসেন বলেন, ঈদের আগের দিন থেকে সকাল ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁরা নৌকা পারাপার হওয়া যাত্রীদের সেবা দিচ্ছেন। এ কারণে এবার দুর্ঘটনাও ঘটেনি।
একই ঘাটে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য আবদুর রহিম হাওলাদার বলেন, ‘আমরা না থাকলে প্রতিটা নৌকায়, ট্রলারে (ইঞ্জিনচালিত নৌকা) আরও বেশি যাত্রী তোলা হতো। এ ছাড়া আমরা অসুস্থ যাত্রীদের ধরে ঘাট থেকে রাস্তা পর্যন্ত পৌঁছেও দিচ্ছি।’
প্রতিটি ঘাটে ৮ থেকে ১০ জন করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যকে সেবা দেওয়ার কাজে নিয়োজিত করা হয়েছে। ফলে যাত্রীরাও স্বস্তি প্রকাশ করেছেন। লুৎফুর রহমান নামের এক নৌযাত্রী বলেন, ফায়ার সার্ভিসের এই সেবায় সাধারণ মানুষ খুব খুশি। এ কারণে দুর্ঘটনার আশঙ্কা কমে গেছে।