নৌদুর্ঘটনা রোধে তিন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহন, পানিসম্পদ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তমন্ত্রণালয়ভিত্তিক বৈঠক করে নৌদুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে নৌপরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির প্রেক্ষাপটে সংসদীয় কমিটি এই সুপারিশ করেছে।
জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে তিন মন্ত্রণালয় যৌথভাবে যে পদক্ষেপ নেবে, তা প্রতিবেদন আকারে কমিটিকে জানাতে বলা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য রণজিৎ কুমার রায় বলেন, সাধারণত নৌদুর্ঘটনার পর সমন্বয়ের অভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। কমিটি মনে করে, তিন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকলে শ্যালা নদীতে তেলের বিস্তার এত ব্যাপক হতো না এবং ক্ষতির পরিমাণ অনেক কম হতো। ভবিষ্যতে নৌদুর্ঘটনা রোধে এবং দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয়, সে জন্য কমিটি তিন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে বলেছে।
কমিটির এই সদস্য জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর শ্যালা নদীর দুর্ঘটনার বিষয়ে কমিটি তাদের মতামত জানাবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে চীনের আর্থিক সহায়তায় ছয়টি জাহাজ সংগ্রহের জটিলতা নিরসনে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নদী খননের সময় আন্তর্জাতিক মানের টানেল রক্ষণাবেক্ষণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া জাতীয় নদী রক্ষা কমিশনকে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ তালুকদার আবদুল খালেক, হাবিবর রহমান, রণজিৎ কুমার রায় ও আনোয়ারুল আজীম অংশ নেন।