নৌদুর্ঘটনায় দুই বছরে ৩৫২ জন মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছরে নৌযান দুর্ঘটনায় ৩৫২ জন মারা গেছে। প্রাকৃতিক দুর্যোগ ও নির্মাণত্রুটির কারণে এসব নৌযান দুর্ঘটনার কবলে পড়ে।গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান। এর আগে বিকেল পাঁচটা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদেও বৈঠক শুরু হয়।সংসদে মন্ত্রীর তথ্য অনুসারে, ২০০৯ সালে ২৪৪ জন ও ২০১০ সালে ১০৮ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন। নৌদুর্ঘটনা রোধে সরকারের ‘বিভিন্ন পদক্ষেপের’ কথা তুলে ধরেন মন্ত্রী।সরকারি দলের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ায় বন্দরে জাহাজের সংখ্যা বেড়েছে। ২০১০-১১ সালে প্রতি মাসে গড়ে প্রায় ৩০টি জাহাজ মংলা বন্দরে এসেছে।মন্ত্রী জানান, ২০০৭-০৮ সালে ৯৫টি, ২০০৮-০৯ সালে ১৯১টি, ২০০৯-১০ সালে ১৫৬টি এবং এ বছরের এপ্রিল পর্যন্ত ২৫৬টি জাহাজ মংলা বন্দরে এসেছে।মেজবাহউদ্দীন ফরহাদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বর্তমানে ১২টি রো রো ফেরি আছে। এর মধ্যে আরিচা সেক্টরে ১০টি ও মাওয়া সেক্টরে দুটি চলাচল করছে। প্রয়োজনের তুলনায় এ সংখ্যা পর্যাপ্ত নয়। মুজিবুল হকের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, ঢাকা শহরের চারদিকে নৌপথ চালুকরণ নামে একটি প্রকল্প বাস্তবায়নাধীন। এর প্রথম পর্যায়ে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নৌপথের উন্নয়নকাজ শেষ হয়েছে। সাড়ে ২৯ কিলোমিটার জলপথ উন্নয়নে ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আশুলিয়া থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪০ কিলোমিটার পথের উন্নয়নকাজ চলছে। এতে ব্যয় হবে ৬৫ কোটি টাকা। ২০১২ সালের জুন মাসে এ কাজ শেষ হবে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের কনটেইনার ইয়ার্ডের বর্তমানে ধারণক্ষমতা ৩২ হাজার ১৭ টিইইউএস। প্রয়োজনের তুলনায় তা চার হাজার ৫০০ থেকে ছয় হাজার টিইইউএস বেশি।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, বাংলাদেশ শিপিং করপোরেশনের অধীনে বর্তমানে ১৩টি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বহির্নোঙরে অবস্থানরত মাদার ট্যাংকার থেকে অপরিশোধিত তেল লাইটারিংয়ের কাজে ব্যবহূত হচ্ছে। বাকি ১১টি দেশ-বিদেশে আমদানি ও রপ্তানিপণ্য পরিবহন করে।ডাক্তারদের ফি নির্ধারণ: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল সংসদকে বলেছেন, বেসরকারি ডাক্তারদের ফি ও প্যাথলজি পরীক্ষার নীতিমালা প্রণয়নের কাজ চলছে।জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের গরিব ও দুস্থ মানুষের চিকিৎসা সুবিধা বাড়ানোর লক্ষ্যেই বেসরকারি চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের ফি ও প্যাথলজি পরীক্ষার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।