নৌধর্মঘট চলছেই

দ্বিতীয় দিনের মতো চলছে নৌযানশ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা ধর্মঘট। মজুরি বাড়ানোসহ মূলত চার দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা।
আজ বুধবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে মাত্র ২২টি লঞ্চ ঢাকার সদরঘাটে এসেছে ভিড়েছে। সকাল থেকে এ পর্যন্ত ছেড়ে গেছে ছয়টি। যাত্রী তুলনামূলকভাবে কম।
ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা জানান, আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত লঞ্চ এসেছে ২২টি। টার্মিনাল ছেড়ে গেছে ছয়টি।
বাংলাদেশ নৌযানশ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধর্মঘট চলছে। যেসব লঞ্চ ছেড়ে গেছে, সেগুলো নৌযানশ্রমিক ফেডারেশনের সম্পৃক্ত না। আমাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’
পুবালি-৪ লঞ্চের মালিক আবদুল খালেক বলেন, ‘নৌযান সংগঠনের ধর্মঘটে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের লঞ্চে শ্রমিকদের চাহিদা মতো বেতন দেওয়া হয়, তাই তারা ঠিকমতো কাজ করছে।’

সদরঘাট টার্মিনালে বরিশাল নৌপথের বেশ কয়েকজন যাত্রীকে লঞ্চ না থাকায় প্লাটুনে অপেক্ষা করতে দেখা গেছে। বরিশাল সদর এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন জানান, ‘শুনেছি সকালে লঞ্চ ছাড়বে, তাই এসে বসে আছি। কয়েকটা লঞ্চ নাকি চলে গেছে। বাকিগুলো এখনো ছাড়েনি। বিকেলে ছাড়বে বলে শুনেছি। অপেক্ষা করছি।’ স্বরূপকাঠিগামী যাত্রী মোহাম্মদ শাকিল বলেন, ‘বেলা ১১টার দিকে গাজিপুর থেকে লঞ্চ টার্মিনালে আসছি। যখন লঞ্চ ছাড়বে, তখন যাব। তবে কখন লঞ্চ ছাড়বে, তা বলা যাচ্ছে না।’
গত সোমবার রাত ১২টায় শুরু হওয়া লাগাতার এই ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন এলাকার নৌযাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। সব নদীবন্দরে লঞ্চ চলাচল বন্ধ। যাত্রীরা নৌবন্দরে অনেকক্ষণ অপেক্ষা করে লঞ্চ না পেয়ে বাড়ি ফিরেছেন। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন।