নৌপথ অবরোধ, ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের তৃতীয় দফা অবরোধ কর্মসূচির চতুর্থ দিন গতকাল মঙ্গলবার চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথ এক ঘণ্টা অবরোধ করা হয়। নারায়ণগঞ্জ শহরের অক্টো অফিস এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছেন শিবিরের কর্মীরা। সিলেট নগরে পুলিশের টেম্পোতে অগ্নিসংযোগ ও দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। শেরপুরে তিনটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চাঁদপুর:
চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথ এক ঘণ্টা অবরোধ করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত চাঁদপুর নৌ-টার্মিনালের পশ্চিমে ডাকাতিয়া নদীতে নৌকায় অবস্থান নিয়ে নৌ অবরোধ করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ১৫-২০টি নৌকা নিয়ে নেতা-কর্মীরা ডাকাতিয়া ও মেঘনা নদীতে চলাচলরত নৌযানকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে পুলিশি তৎপতায় তাঁরা বেশিক্ষণ নদীতে অবস্থান করতে পারেননি।

নারায়ণগঞ্জ:
শহরের অক্টো অফিস এলাকায় গতকাল মঙ্গলবার একটি ট্রাকে আগুন দিয়েছেন শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ পেট্রলবোমাসহ হাতেনাতে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে।
কাশিপুরে যুবদলের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রূপগঞ্জ ও আড়াইহাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির সমর্থকেরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে শহরের অক্টো অফিস এলাকায় লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে ছাত্রশিবির। একপর্যায়ে তারা একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে যানবাহন ভাঙচুর শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রলবোমাসহ শিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, পেট্রলবোমাসহ শিবিরের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলার ফতুল্লার কাশিপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে যুবদল। এ সময় তারা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রূপগঞ্জ ও আড়াইহাজারে বিএনপির সমর্থকেরা সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেছেন। এ সময় তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

টঙ্গী (গাজীপুর):
বিকেলে অবরোধকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় মিছিলকারীরাও পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং আট-দশটি গাড়ির কাচ ভাঙচুর করেন। সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান, টঙ্গী থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সিলেট:
নগরের শিবগঞ্জে পুলিশের একটি টেম্পো এবং সুবিদবাজারে যাত্রীবাহী দুটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে শিবগঞ্জ বাজারে ৮-১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটান শিবিরের কর্মীরা। এ সময় শিবগঞ্জ পয়েন্টের কাছে (উপশহর সড়ক) টেম্পোতে অবস্থানরত পুলিশ সদস্যরা বাজারের দিকে এগিয়ে যান। এ সুযোগে শিবিরের আরেকটি দল মোটরসাইকেলে করে এসে পেট্রল ঢেলে টেম্পোতে আগুন ধরিয়ে চলে যায়।
আগুনে টেম্পো এবং পুলিশের কিছু হেলমেট ও জ্যাকেট পুড়ে গেছে। একই সময় নগরের সুবিদবাজারে ব্লু-বার্ড স্কুলের সামনের সড়কে দুটি অটোরিকশায় আগুন দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

কিশোরগঞ্জ:
গতকাল সকাল থেকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কালিয়াচাপড়া ও চৌদ্দশত এলাকায় পিকেটারদের বাধার কারণে যান চলাচল বন্ধ ছিল। এ ছাড়া শহরের আখড়াবাজার, একরামপুর, স্টেশন রোডসহ বিভিন্ন স্থানে পিকেটার ও পুলিশ মুখোমুখি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ-ঢাকা পথে চলাচলকারী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে বাধার কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা বিলম্বে স্টেশনে পৌঁছায়।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে ভৈরবে অবরোধ-সমর্থকেরা স্থানীয় ফাতেমা-রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ সড়কে গিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় মুসলিমের চত্বর এলাকায় প্রতিবাদ সভা করা হয়। সকালে কুলিয়ারচরে অবরোধ-সমর্থকেরা ভৈরব-ময়মনসিংহ সড়কের আগরপুর ও বাজরায় অবস্থান নিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি করেন। পরে পুলিশ তাঁদের হটিয়ে দেয়।

শেরপুর:
গতকাল ভোরে শেরপুর জেলা শহরের তিন জায়গায় হরতাল ও অবরোধের সমর্থনে পিকেটাররা তিনটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অবরোধকারীরা অষ্টমীতলা ও তিনআনী বাজার কলেজ মোড় এলাকায় অটোরিকশা ও ইজিবাইক ভাঙচুর করেন। এ ছাড়া শহরের শেখহাটি এলাকায় একটি ইজিবাইকে আগুন দেওয়া হয়। এদিকে ভোরে শহরের তিনআনী বাজার কলেজ মোড় এলাকায় ছাত্রদলের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। শেরপুর সদর থানার ওসি জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে রবিন তালুকদার ও সুমন মিয়া নামের বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ:
জেলার গফরগাঁও উপজেলায় অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন মহিলা দলের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে গফরগাঁও মহিলা কলেজ এলাকায় উপজেলা মহিলা দলের সভাপতি হাসনা হাদীর নেতৃত্বে নেতা-কর্মীরা গফরগাঁও-টোক সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হটিয়ে দেয়।