সুন্দরবন ও মংলা বন্দর রক্ষায় পরিকল্পিতভাবে মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌপথ দ্রুত খননসহ দাউদখালী নদী ও সংলগ্ন সব সরকারি খালের ওপর অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণের দাবি উঠেছে। দাবি আদায়ে নদীবক্ষে পদযাত্রা করেছে বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামপালের শ্রীফলতলা সেতুর নিচে দাউদখালী নদীবক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এই পদযাত্রা শুরু হয়ে ঘষিয়াখালী চ্যানেলে গিয়ে শেষ হয়। সেখানে আইনজীবী মহিউদ্দিন সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা বলেন, দাউদখালী নদী ও এর সংযোগ খালগুলোর অবৈধ দখলের কারণে ঘষিয়াখালী চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। এ কারণে তেল বিপর্যয়ের মতো ঘটনার মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি পরিকল্পিতভাবে খনন ও পুনঃখনন করা প্রয়োজন। বর্তমানে নৌপথটি যে অবস্থায় আছে সেভাবে খনন করলে ছয় মাসের মধ্যে আবারও ভরাট হয়ে যাবে।
বক্তারা আরও বলেন, চ্যানেলটি সচল করতে হলে প্রধান দুটি সংযোগ নদী দাউদখালী ও বিসনা নদী পুনঃখনন, সব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদীসংলগ্ন সব সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করতে হবে।
পদযাত্রায় উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), আন্তর্জাতিক মংলা-ঘষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটি, সার্বিক মানব উন্নয়ন সংগঠন কারিতাস, পিপলস রাইট ভয়েসের (পিআরভি) যৌথ উদ্যোগে এ পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।