নৌপথে কোথাও দ্বিগুণ ভাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখী যাত্রীদের ঢল নেমেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে। অতিরিক্ত যাত্রী ও ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ছবিটি আজ শুক্রবার বেলা একটার দিকে তোলা। ছবি: প্রথম আলো
ঈদে ঘরমুখী যাত্রীদের ঢল নেমেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে। অতিরিক্ত যাত্রী ও ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ছবিটি আজ শুক্রবার বেলা একটার দিকে তোলা। ছবি: প্রথম আলো

ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে। আজ শুক্রবার ভোর থেকে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।

যাত্রীরা বলছেন, লঞ্চে ঈদ উপলক্ষে ৩৩ টাকা ভাড়ার পরিবর্তে রাখা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। স্পিডবোটের যাত্রীরা বলছেন, ১২০ টাকার ভাড়া রাখছে ২০০ টাকা করে। কাঁঠালবাড়ি থেকে খুলনা যেতে বাসভাড়া ২৮০ টাকা। সেখানে রাখা হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। মাদারীপুরে যেতে বাসভাড়া ১০০ টাকার বিপরীতে রাখা হচ্ছে ২০০ টাকা। মাইক্রোবাসের ভাড়াও রাখা হচ্ছে দ্বিগুণের বেশি। কাঁঠালবাড়ি থেকে বরিশাল যেতে ভাড়া স্বাভাবিক সময়ে রাখা হতো ২৫০ টাকা করে। সেখানে ৪০০ থেকে ৫০০ টাকা রাখা হচ্ছে।

যশোর নৌপথের যাত্রী আরিফা আক্তার বলেন, প্রশাসনের চোখের সামনে বেশি ভাড়া আদায় করছেন চালকেরা। তাঁদের সঠিক নজরদারি আরও বাড়ানো দরকার। ৩৫০ টাকার ভাড়া রাখা হচ্ছে ৫০০ টাকা। না দিলে সিট পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে ভাড়া বেশি দিতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ নিয়ে জানতে চাইলে কাঁঠালবাড়ি ফেরিঘাটে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে মাইক্রোবাস ও কয়েকটি পরিবহনে কিছু বেশি ভাড়া নিচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে নেই। যাত্রীদের নিরাপত্তার জন্য ঘাটে পর্যাপ্ত পুলিশ রয়েছে। সিসিটিভির মাধ্যমে পুরো কাঁঠালবাড়ি ঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌপথে ১৭টি ফেরি চলাচল করলেও ঈদ উপলক্ষে বাড়তি ২টি কে-টাইপ ফেরি যোগ করা হয়েছে। এই নৌপথে নিয়মিত ৮৭টি লঞ্চ ও ১০০টিরও বেশি স্পিডবোট চলাচল করে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য কাজ করছেন। তদারকিতে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

সরেজমিনে কাঁঠালবাড়ি ঘাটে দেখা গেছে, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে স্পিডবোট ও লঞ্চগুলোতে নজরদারি বাড়িয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল কাজ করছে। নদীতে স্রোত থাকলে যাত্রীদের ফেরি, লঞ্চ ও স্পিডবোটে পারাপার করা হচ্ছে। বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত যাত্রীবোঝাই ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।