নৌপথে চাঁদাবাজি
নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় দুই দিকে রাখা দুটি ট্রলারের প্রতিটিতে চার-পাঁচজন লোক। প্রতিদিন নদীপথে চলাচলকারী কয়লা, বালু ও পাথরবোঝাই শতাধিক নৌকার পিছু নিয়ে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করাই তাদের কাজ। সুনামগঞ্জের ধরমপাশার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজার লাগোয়া সোমেশ্বরী নদীতে চার মাস ধরে এভাবেই একটি চক্র এই চাঁদাবাজি করছে।পুলিশ, জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা এই টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় চাঁদাবাজ চক্রের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।এলাকাবাসী, মালবাহী নৌকার শ্রমিক ও ব্যবসায়ীরা জানান, ধরমপাশার পাশের তাহিরপুর উপজেলার বড়ছড়া, ফাজিলপুর ও বাগলি এলাকা থেকে নদীপথে মালবাহী নৌকা (বাল্কহেড) দিয়ে কয়লা, বালু ও পাথর নিয়ে ধরমপাশা উপজেলার সোমেশ্বরী নদী হয়ে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। আর এই বাল্কহেড সোমেশ্বরী নদীতে এলে চাঁদাবাজেরা পিছু নেয়। তারা বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে।উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামের আনোয়ারুল হক ও আয়নাল হক এই চাঁদাবাজ চক্রটি নিয়ন্ত্রণ করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের মারধর করা হয় বলেও কয়েকজন অভিযোগ করেছেন।আনোয়ারুল ও আয়নাল দাবি করেন, বাল্কহেড থেকে নির্দিষ্ট হারে টাকা আদায়ের জন্য পর্যাপ্ত কাগজপত্র রয়েছে। কথাবার্তার একপর্যায়ে তাঁরা এই প্রতিবেদকের কাছে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে বলেন, ‘অনেকেই এই টাকা থেকে ভাগ নেন।’ জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন আহমেদ বলেন, ‘এই চাঁদাবাজ চক্র অত্যন্ত প্রভাবশালী। দু-একজনকে হাতেনাতে ধরলেও আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যায়। চাঁদাবাজি বন্ধে সানবাড়ী বাজারে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি।’জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সঞ্জয় রায় চৌধুরী বলেন, ‘আমাদের সংগঠনের কেউ এই চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। এমনকি যারা এ কাজ করছে, তারাও আমাদের সংগঠনের কেউ নয়।’কিশোরগঞ্জের বাজিতপুর নৌপরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে চাঁদাবাজ চক্রটি প্রকাশ্যে চাঁদা আদায় করছে। স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। এর পর থেকে এই চাঁদার অঙ্ক আরও বাড়ানো হয়েছে।সুনামগঞ্জ নৌপরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি এমদাদুল হক বলেন, চাঁদাবাজি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দুই মাস আগে লিখিতভাবে আবেদন করা হলেও সমস্যার সমাধান হয়নি।ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, চাঁদাবাজদের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা থাকার অভিযোগটি সঠিক নয়।